পাথারকান্দির খালোপারের সপ্তরথযাত্রা ২৪ জুলাই

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১২ জুলাই :
প্রায় দুই শতাব্দীর ঐতিহ্য বহনকারী পাথারকান্দির খালোপারের ঐতিহাসিক সপ্তরথযাত্রা মহোৎসব আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে। ১৯৬তম এই উৎসবকে ঘিরে ইতোমধ্যেই সাতটি গ্রামে জোরকদমে চলছে রথ সংস্কার, সাজসজ্জা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের প্রস্তুতি।

প্রতি বছরের মতো এবারও দক্ষিণ বিলবাড়ী, উত্তর বিলবাড়ী, নয়াডহর, পাত্রগ্রাম, পেকুরগ্রাম, মন্ত্রীগ্রাম ও ছাত্রাগ্রাম থেকে সাতটি সুসজ্জিত রথ যাত্রা শুরু করে ঐতিহাসিক রথমিলনস্থলে একত্রিত হবে। উত্তর-পূর্ব ভারতের অন্যতম প্রাচীন ও ব্যতিক্রমী এই রথযাত্রা প্রত্যক্ষ করতে আসামের বিভিন্ন জেলার পাশাপাশি ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, মিজোরাম এবং বাংলাদেশ থেকেও হাজারো ভক্ত, পর্যটক ও আলোকচিত্রী উপস্থিত হন।
এই উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ শতাব্দীপ্রাচীন রীতি অনুযায়ী হাতির সাহায্যে কাদা ও জলময় পথ পেরিয়ে রথ টেনে আনা। আধুনিক প্রযুক্তির যুগেও এই ঐতিহ্য অটুট রয়েছে, যা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে।
রথমিলনের পর বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী লেইচন্দন অনুষ্ঠান, নামসংকীর্তন, ‘দশ অবতার’ গীতসহ নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হবে। পাশাপাশি বসবে বৃহৎ মেলা, যেখানে গ্রামীণ হস্তশিল্প, ঐতিহ্যবাহী সামগ্রী, খেলনা, খাদ্যপণ্য ও স্থানীয় ব্যবসায়ীদের অস্থায়ী দোকান থাকবে।

খালোপার উন্নয়ন কমিটির উদ্যোগে নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল, যান নিয়ন্ত্রণ ও দর্শনার্থীদের সুবিধার্থে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আয়োজকদের আশা, পাথারকান্দির বিধায়ক ও মন্ত্রী কৃষ্ণেন্দু পালসহ বিশিষ্ট অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। কমিটির পক্ষ থেকে সকল ভক্ত ও দর্শনার্থীকে ঐতিহাসিক সপ্তরথযাত্রায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *