দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৯ জুন : মহরম উপলক্ষে ধলাই বিধানসভা এলাকার ভাগাবাজার জিপির বনগ্রাম রাজঘাটের বাইপাস চৌরঙ্গী এলাকায় সোমবার অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী লাঠি খেলা, জারি গান এবং শিরনি বিতরণ অনুষ্ঠান। স্থানীয় যুবকদের উদ্যোগে আয়োজিত এই ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে গোটা এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছরের ধারাবাহিকতায় মহরমের ঐতিহ্য ও সম্প্রীতির বার্তা অটুট রাখতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শিপ্পার আহমদ, শরিফ উদ্দিন, সাহারুল, নুরুদ্দিন, সেলিমসহ এলাকার একদল উৎসাহী যুবক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রতিনিধি গিয়াস উদ্দিন লস্কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক পঞ্চায়েতের প্রতিনিধি সাবির আহমদ লস্কর। এছাড়াও এলাকার বিশিষ্ট সমাজসেবী, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেন। অতিথিরা মহরমের ঐতিহ্য, ত্যাগ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী লাঠি খেলা। হাইলাকান্দি জেলা থেকে আগত প্রায় ৩০ জন দক্ষ খেলোয়াড় এতে অংশ নেন। তাঁদের মধ্যে আলী হোসেন, সাদ্দাম এবং জাবের আহমদের চমৎকার নৈপুণ্য দর্শকদের মুগ্ধ করে। পাশাপাশি স্থানীয় গ্রামাঞ্চলের ২২ জন খেলোয়াড়ও লাঠি খেলায় অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে আমজাদ আলি ও আবুল হোসেনের মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের ব্যাপক প্রশংসা অর্জন করে।
এছাড়া জারি গানের আবেগঘন পরিবেশনা অনুষ্ঠানে এক ভিন্ন মাত্রা যোগ করে। ধর্মীয় পরিবেশের মধ্যেই আগত দর্শকদের মধ্যে শিরনি বিতরণ করা হয়। আয়োজকদের দাবি, অনুষ্ঠানে প্রায় পাঁচ হাজারেরও বেশি মানুষের সমাগম ঘটে।




