বরাক তরঙ্গ, ২২ অক্টোবর : দুর্গাপুজোর নবমীর রাতে শিলচরের অম্বিকাপট্টি এলাকায় ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মারধরের অভিযোগের পাল্টা হিসেবে এবার শিলচর পুরনিগমের ২২ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর পারমিতা চন্দ গুপ্তকে অভিনন্দন জানানোর অজুহাতে অশালীনভাবে স্পর্শ করার অভিযোগ উঠেছে। এ নিয়ে বৃহস্পতিবার শিলচর সদর থানায় পাল্টা এজাহার দায়ের করেছেন পুজো কমিটির কর্মকর্তারা।
এদিন সাংবাদিক বৈঠক করে পুজো কমিটির কর্মকর্তারা জানান, পুজোর বিভিন্ন কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকায় অভিযোগ জানাতে কিছুটা দেরি হয়েছে। তাঁদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর অনুদানের অর্থ সংশ্লিষ্ট পুজো কমিটির হাতে তুলে দিতে যাওয়ার সময় পারমিতা চন্দ গুপ্তকে কয়েকজন অভিনন্দন জানানোর অজুহাতে অশালীনভাবে স্পর্শ করেন। পরিস্থিতি সামাল দিতে অজয় রায় এগিয়ে এলে উভয়পক্ষের মধ্যে সামান্য ধাক্কাধাক্কি হয় বলে তাঁদের দাবি। তবে ওই ঘটনায় মারধরের কোনও ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন পুজো কমিটির কর্মকর্তারা।

সাংবাদিক বৈঠকে পুজো কমিটির সভাপতি শশাঙ্ক শেখর পাল, সহ-সভাপতি অজয় রায়, অঞ্জনা দেব ও অরিন্দম দেব-সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের দাবি, ঘটনায় জড়িতদের মধ্যে রাহুল কান্তি দেবকে শনাক্ত করা হয়েছে। অন্যদিকে, কাউন্সিলর পারমিতা চন্দ গুপ্তও জানান, অভিযুক্তদের তিনি আগে থেকে চিনতেন না। ঘটনার সময় তিনি হতভম্ব হয়ে পড়েছিলেন বলেও জানান তিনি।
এদিকে, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন রাহুল কান্তি দেব। তাঁর পাল্টা দাবি, মারধরের অভিযোগ থেকে মানুষের নজর ঘোরাতেই তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। নবমীর রাতে অম্বিকাপট্টি এলাকায় প্রচুর মানুষের ভিড় ছিল উল্লেখ করে তিনি বলেন, সেখানে এমন কোনও ঘটনা ঘটলে প্রত্যক্ষদর্শীরা নিশ্চয়ই প্রতিবাদ জানাতেন।



