বরাক তরঙ্গ, ২২ অক্টোবর : বিজয়া দশমীর দিনেই শিলচরের লিংক রোডে নাবালিকা এক কিশোরীকে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাকে ঘিরে উত্তেজিত জনতা একটি গাড়িতে ভাঙচুর চালায় এবং গাড়িতে থাকা এক যুবককে মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে ওই যুবককে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই যুবক একটি গাড়ি নিয়ে এসে এলাকার এক নাবালিকাকে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। বিষয়টি কিশোরীর পরিবারের সদস্যদের নজরে আসতেই তাঁরা গাড়িটি আটকে দেন। অভিযোগ, সেই সময় এক যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অন্য এক যুবককে আটকে রাখেন উত্তেজিত স্থানীয় বাসিন্দারা।

এরপর আটক যুবককে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। একই সঙ্গে, নাবালিকাকে নিয়ে যাওয়ার চেষ্টায় ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ ওঠা গাড়িটিতেও ভাঙচুর চালানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে লিংক রোড এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।
এদিকে, ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন ‘লাভ জিহাদ’-এর অভিযোগও তোলেন। তাঁদের দাবি, নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। যদিও এই অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। উত্তেজিত জনতার হাত থেকে যুবককে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেওয়ার পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনায় জড়িত বলে অভিযোগ ওঠা পলাতক যুবককে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।



