বরাক তরঙ্গ, ৮ জুন : মেঘালয় থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-র প্রার্থী হিসেবে দলের সহ-সভাপতি জেমস কে সাংমা মনোনয়নপত্র জমা দিয়েছেন। রবিবার তিনি মেঘালয় বিধানসভা সচিবালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে নিজের মনোনয়ন দাখিল করেন। বর্তমান রাজ্যসভার সদস্য ডব্লিউআর খারলুখির মেয়াদ শেষ হওয়ায় আসনটি শূন্য হয়েছে। এই শূন্য আসনের জন্য ক্ষমতাসীন মেঘালয় ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এমডিএ-২)-এর শরিক দলগুলি সর্বসম্মতিক্রমে জেমস কে. সাংমার নামের প্রতি সমর্থন জানিয়েছে। সমর্থনকারী দলগুলির মধ্যে রয়েছে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি (ইউডিপি), ভারতীয় জনতা পার্টি (বিজেপি), হিল স্টেট পিপলস ডেমোক্রেটিক পার্টি (এইচএসপিডিপি) এবং দুই নির্দলীয় বিধায়ক।
ভারতের নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৫টা থেকে ভোট গণনা শুরু হবে বলে জানানো হয়েছে। জেমস কে. সাংমার প্রার্থিতাকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।



