১৭ এপ্রিল : পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাম্প্রদায়িক উত্তেজনা উসকে দেওয়ার অভিযোগ তুলেছেন। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বাবরি মসজিদ প্রসঙ্গকে সামনে এনে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীরকে তীব্র আক্রমণ করেন এবং দাবি করেন, বিজেপি শাসিত রাজ্যে এ ধরনের মন্তব্য বা পরিস্থিতি দেখা যায় না।
হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “দেশের অন্য কোথাও কেউ এসে বলতে পারে না যে বাবরের মসজিদ বা শাহজাহানের মসজিদ তৈরি করা হবে। উত্তরপ্রদেশ বা অসমে এ ধরনের কথা বলার সাহস কেউ দেখাতে পারবে না। কিন্তু পশ্চিমবঙ্গে এসব কথা অবলীলায় বলা হচ্ছে। এরা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়ে রয়েছে বলেই এমন দুঃসাহস দেখাচ্ছে? সেই কারণেই যে যা খুশি বলছে।”
বিজেপির পক্ষে সমর্থন চেয়ে তিনি আরও বলেন, সীমান্তে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে এবং বিদ্যুৎ-সংযুক্ত ফেন্সিং বসানো হবে, যাতে অনুপ্রবেশ রোধ করা যায়। তাঁর কথায়, “অসম ও ত্রিপুরায় এই কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে তা এখনও সম্পূর্ণ হয়নি। তাই একবার সুযোগ দিন—অসম ও ত্রিপুরার মতো এখানেও বিজেপি সরকার গড়ে উঠুক, তাহলেই সীমান্ত সুরক্ষিত হবে।”
এছাড়াও, তিনি রাজ্যে গরু পাচার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন এবং দাবি করেন, বিজেপি ক্ষমতায় এলে এই পাচার বন্ধ করা হবে। একইসঙ্গে মাংস নিষিদ্ধকরণ প্রসঙ্গে বিরোধীদের আশঙ্কা খারিজ করে তিনি বলেন, “বিজেপি শাসিত কোনো রাজ্যেই মাংস নিষিদ্ধ নয়। অসমে প্রতিদিন কামাখ্যা মন্দিরে পশুবলি হয়, তবুও সেখানে মাংস নিষিদ্ধ করা হয়নি। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় অযথা আশঙ্কা তৈরি করছেন যে বিজেপি ক্ষমতায় এলে মাংস নিষিদ্ধ হবে।”



