মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৮ জুলাই : তিনদিনব্যাপী ব্যাপক ধর্মীয় ভাবগাম্ভীর্য ও হাজার হাজার ভক্ত সমাগমের মধ্য দিয়ে আজ সমাপ্ত হলো শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর ৫৬তম তিরোধান তিথি উৎসব। শ্রীভূমি জেলার রারইগ্রামে অবস্থিত শ্রীশ্রী গোপাল জিউ, শ্রীশ্রী রাধাবিনোদ জিউ ও শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর আশ্রম প্রাঙ্গণে গত তিনদিন ধরে চলছিল এই মহোৎসব। দূরদূরান্ত থেকে হাজার হাজার ভক্ত, সাধু-সন্ত এই উৎসবে যোগ দেন।
আজ ভোরে উৎসবের অন্তিম দিনে মহাপ্রভুর বিগ্রহ সহকারে নগর পরিক্রমা অনুষ্ঠিত হয়। হরিনাম সংকীর্তনে মুখরিত হয়ে ওঠে সমগ্র রারইগ্রাম অঞ্চল। এরপর হরিনাম যজ্ঞের সমাপন, দধিভাণ্ড ভঞ্জন এবং মোহন্ত বিদায়ের মধ্য দিয়ে তিনদিনের এই মহা উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
আশ্রম কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রতিবছরের মতো এবারও অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উৎসব সম্পন্ন হয়েছে। ভক্তদের জন্য মহাপ্রসাদেরও ব্যবস্থা করা হয়।



