১৭ এপ্রিল : ইরান কি পরমাণু অস্ত্র তৈরির পথ থেকে সরে আসছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক চাঞ্চল্যকর দাবিকে ঘিরে আন্তর্জাতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। হোয়াইট হাউসের সাউথ লনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প জানান, তেহরান তাদের কাছে মজুত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম—যাকে তিনি ‘পারমাণবিক ধুলো’ বলে উল্লেখ করেন—তা যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরে সম্মত হয়েছে।
মেরিন ওয়ানের দিকে যাওয়ার সময় ট্রাম্প বলেন, “ইরানের কাছে কোনো পরমাণু অস্ত্র নেই, ওরাও তা স্বীকার করেছে। গত বছর আমাদের বি-২ বোমারু বিমানের হামলায় যে ইউরেনিয়াম মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল, সেটিও তারা ফেরত দিতে রাজি হয়েছে।” তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং শীঘ্রই ইতিবাচক কিছু ঘোষণা হতে পারে।



