২৫ জুন : প্রথম ম্যাচে জাপানের বিরুদ্ধে ড্র। সেই ধাক্কা সামলে সুইডেনকে ৫ গোলের মালা পরায় নেদারল্যান্ডস। সেই সঙ্গে অধরা মাধুরী লাভের স্বপ্ন উসকে দেন গাকপো-ডে জংরা। তবে আপাতত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে পৌঁছানোই লক্ষ্য কোচ রোনাল্ড কোম্যানের। সেই লক্ষ্যেই বৃহস্পতিবার কানসাস সিটিতে তিউনিসিয়ার বিরুদ্ধে নামছে ডাচ-ব্রিগেড। আরও একবার বড় ব্যবধানে জিতে মাঠ ছাড়াই লক্ষ্য কোম্যান ব্রিগেডের।
বিশ্বকাপের আসরে তিনবারের রানার্স-আপ নেদারল্যান্ডস। তবে সোনালি ট্রফি স্পর্শের স্বাদ এখনও পায়নি তারা। মার্কিন মুলুকে ডে জং, গাকপোদের ঘিরে স্বপ্ন দেখছেন অনুরাগীরা। বিশেষত সুইডেনের বিরুদ্ধে দাপুটে জয়ের পর ডাচদের ঘিরে ইতিমধ্যেই অঙ্ক কষতে শুরু করেছে বাকি দলগুলি। কোচ রোনাল্ড কোম্যান অবশ্য দলের খেলায় আরও উন্নতি চাইছেন। বিশেষত রক্ষণে গোল হজমের রোগ সারাতে মরিয়া তিনি। তিউনিসিয়ার বিরুদ্ধে জয়ের পাশাপাশি ক্লিনশিট রেখে মাঠ ছাড়তে চাইবেন ভার্জিল ফন ডিকরা।



