‘নাটঃ অসমের নাট্যকলা সংরক্ষণাগার’, গঠন কাছাড় জেলা কমিটি

Spread the news

বরাক তরঙ্গ, ১ জুলাই : অসমের অমূল্য নাট্যকলা, ঐতিহ্য-পরম্পরা এবং নথিপত্রসমূহ সংরক্ষণ করার লক্ষ্যে এক প্রকল্প হাতে নিয়ে কাজে নেমে পড়েছে শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র সোসাইটি। ‘নাটঃ অসমের নাট্যকলা সংরক্ষণাগার’ নামে এই প্রকল্পে সমগ্র অসমের সবকটি জেলা থেকে নাট্যকলা-নথিপত্র সংগ্রহ ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এরই অংশ হিসেবে রবিবার রাজ্য সরকারের সংস্কৃতি মন্ত্রকের আওতাধীন কলাক্ষেত্র সোসাইটির উদ্যোগে এবং ভাবীকালের ব্যবস্থাপনায় শিলচর বঙ্গভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাছাড় জেলার বিভিন্ন নাট্য সংগঠনের প্রতিনিধি এবং নাট্যকর্মীগণ আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। শেষে সিদ্ধান্ত হয়, প্রকল্পটিকে সার্থক রূপদানের জন্য অন্যান্য জেলার মতো এখানেও একটি জেলা কমিটি গঠন করা হবে। ভাবীকালের পরিচালক শান্তনু পাল এই কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পালন করবেন।

কলাক্ষেত্র সোসাইটির সহসভাপতি, বিশিষ্ট অভিনেতা প্রাঞ্জল শইকিয়া এবং ‘নাটঃ অসমের নাট্যকলা সংরক্ষণাগার’ প্রকল্পটির সঞ্চালক অবিনাশ শর্মা প্রকল্পের ব্যাপারে বিস্তৃত আলোচনা করেন। তাঁরা বলেন, অসমের নাট্য পরম্পরার বহু তথ্য এখনও সরকারিভাবে সংরক্ষিত হয়নি। যা কিছু বইপত্র বা কাগজে লেখালেখি হয়েছে, সে সব ব্যক্তিগত সংগ্রহে থাকলেও একসময় আর সংরক্ষণযোগ্য থাকবে না। তাই তাঁরা ডিজিটালি সংরক্ষণের প্রকল্প গ্রহণ করেছেন। এই প্রকল্পে শুধু পাণ্ডুলিপি বা নাটক সম্পর্কীয় মুদ্রিত তথ্যেরই ডিজিটালাইজেশন করা হবে এমন নয়। বিভিন্ন নাট্য সামগ্রী, নাট্য ঐতিহ্যও ডিজিটালি সংরক্ষণ করা হবে। এ প্রসঙ্গে তাঁরা কাছাড় সহ বরাক উপত্যকার নাট্যচর্চার সমৃদ্ধ ইতিহাসের কথাও উল্লেখ করেন। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কলাক্ষেত্র সমাজের পরিষদীয় সদস্য ড. জয়শ্রী দে এবং প্রকল্প সহায়ক বিস্মিতা দেবীও।

কাছাড় জেলার নাট্যকর্মী ও বোদ্ধাদের মধ্যে আলোচনায় অংশ নেন ড° অমলেন্দু ভট্টাচার্য,  চিত্ৰভানু ভৌমিক,  শেখর দেবরায়, ড° ইন্দ্ৰনীল দে, রূপক রক্ষিত, সুব্ৰত ভট্টাচার্য, অদিতি এন্দ,  বিশ্বজিৎ শীল, ড° বিশ্বতোষ চৌধুরী, আশিস ভৌমিক, দীপক সেনগুপ্ত, মহাদেব বণিক, রাহুল দাসগুপ্ত, ড° দেবাশিস ভট্টাচার্য, ড. দেবারতি চন্দ প্রমুখ। শ্রীভূমি ও হাইলাকান্দি জেলাকে বাদ দিয়ে যে বরাক উপত্যকার নাট্যচর্চার ইতিহাস সম্পূর্ণ হতে পারে না, তাঁরা বারবার উল্লেখ করেন। প্রাঞ্জল শইকিয়া এবং অবিনাশ শর্মা তাঁদের জানান, সব জেলাতেই তাঁরা যাচ্ছেন, তথ্য সংগ্রহ করছেন, কমিটি গঠনের প্রক্রিয়া হাতে নিচ্ছেন। কাছাড়ের পর বরাকের অন্য দুই জেলাতেও তাঁরা অনুরূপে এগোবেন। ভাবীকালের সভাপতি রঞ্জন কুমার দাস এই আলোচনা সভায় পৌরহিত্য করেন। সঞ্চালনা সহ যাবতীয় বিষয় তদারকি করেন শান্তনু পাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *