জন সম্প্রীতির বিনামূল্যের চক্ষু পরীক্ষা শিবিরে উপকৃত ৫ শতাধিক মানুষ

Spread the news

বরাক তরঙ্গ, ২৫ জুলাই : সমাজসেবা ও মানবকল্যাণে অঙ্গীকারবদ্ধ স্বেচ্ছাসেবী সংগঠন ‘জন সম্প্রীতি’-র উদ্যোগে আশ্রম রোড কীর্তন মাঠে একটি বিনামূল্যের চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে তপোবননগর, দেবপাড়া, চেংকুড়ি, মালিনীবিলসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে ৫ শতাধিক মানুষ অংশ নিয়ে চক্ষু পরীক্ষা করান। প্রয়োজনে বিনামূল্যে ওষুধ এবং স্বল্পমূল্যে চশমাও বিতরণ করা হয়।

শুক্রবার শিবিরে মানুষের ভিড় লক্ষ্য করা যায়। অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে আধুনিক পদ্ধতিতে চোখের পরীক্ষা করা হয়। আয়োজকদের দাবি, বিশেষ করে প্রবীণ, নারী, শিশু এবং আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মানুষ এই শিবিরের মাধ্যমে উপকৃত হন। এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে আশ্রম রোড কীর্তন কমিটি এবং ইআরসি আই হসপিটালের সহযোগিতার জন্য জন সম্প্রীতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়। উপস্থিত স্থানীয় বাসিন্দারা এ ধরনের স্বাস্থ্যসেবা কর্মসূচির ধারাবাহিক আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় তারা নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

সংগঠনের সভাপতি প্রসেনজিৎ দেবের নেতৃত্বে জন সম্প্রীতি অল্প সময়ে একটি সেবামূলক ও বিশ্বাসযোগ্য সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে বলে অনুষ্ঠানে উপস্থিতদের একাংশ মন্তব্য করেন।

শিবিরে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি নীতা পাল, সাধারণ সম্পাদক অভিনব রায় বর্মন, সম্পাদক অজয় দাস ও জুয়াল দাস। এছাড়াও বিশিষ্ট সমাজসেবী নিশীকান্ত সরকার শিবির পরিদর্শন করে আয়োজকদের উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্ঠানের শেষে আয়োজকরা জানান, ‘মানুষের সেবাই আমাদের অঙ্গীকার’—এই মূলমন্ত্রকে সামনে রেখে ভবিষ্যতেও স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ ও সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি আরও বৃহত্তর পরিসরে পরিচালনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *