বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এআইডিএসও’র অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সচেতনতামূলক আলোচনা

Spread the news

বরাক তরঙ্গ, ১০ জুন : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ছাত্র সংগঠন এআইডিএসও’র কাছাড় জেলা কমিটির উদ্যোগে গত ৫ জুন একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও পরিবেশ বিষয়ক আলোচনা সভা বুধবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এআইডিএসও’র কাছাড় জেলা কমিটির সভাপতি স্বাগতা ভট্টাচার্য। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুব সংগঠন এআইডিওয়াইও’র অসম রাজ্য কমিটির অফিস সম্পাদক বিজিৎকুমার সিনহা। অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করেন সাবির আহমদ।

আলোচনা সভায় বক্তারা বিশ্ব পরিবেশ দিবস পালনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগানো, যত্রতত্র আবর্জনা না ফেলা এবং সামাজিক আচরণে শালীনতা বজায় রাখার বিষয়ে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণে প্রশাসন, পৌরসভা এবং রাজ্য সরকারের সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন বক্তারা।

বক্তারা বলেন, বিশ্বজুড়ে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার ফলে মানুষ, পশুপাখি ও বিভিন্ন প্রজাতির প্রাণীকুল আজ নানা সংকটের মুখোমুখি। অতিবৃষ্টি, অনাবৃষ্টি ও জলবায়ু পরিবর্তনজনিত নানা প্রাকৃতিক দুর্যোগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বনভূমি, পাহাড় ও নদী ধ্বংসের ফলে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও তাঁরা উদ্বেগ প্রকাশ করেন। মানুষের বেঁচে থাকার অধিকার সুরক্ষিত রাখতে পরিবেশ রক্ষায় সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন রিনিয়া সাহা। সভা শেষে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *