মানুষের স্বার্থে কাজ করার চেষ্টা করব : মন্ত্রী কৌশিক রায়

Spread the news

বরাক তরঙ্গ, ৯ জুন : মন্ত্রীত্ব লাভের পর গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নবনিযুক্ত মন্ত্রী কৌশিক রায়। তিনটি গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব অর্পণ করায় তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানান। মন্ত্রী কৌশিক রায় বলেন, “আজ থেকেই কাজ শুরু করব। নানা চ্যালেঞ্জ থাকলেও দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। ২৪ ঘণ্টা, সপ্তাহের সাত দিন মানুষের স্বার্থে কাজ করার চেষ্টা করব।”

বিনামূল্যে রেশন সামগ্রী বিতরণ বন্ধ থাকার প্রসঙ্গে তিনি জানান, “জুলাই মাসে নতুন বাজেট পেশ করা হবে। বাজেটের পর রেশন কার্ডধারীদের জন্য বন্ধ থাকা সামগ্রী পুনরায় সরবরাহ করা হবে।”

মূল্যবৃদ্ধির বিষয়ে কৌশিক রায় বলেন, “গত ১৫ মাস মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে আমি প্রতিটি জেলায় গিয়েছি। বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের নিয়ে টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল। সে সময় মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ছিল। তবে বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতির কারণে কিছুটা প্রভাব পড়েছে। মূল্যবৃদ্ধি রোধে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে।”
নগর উন্নয়ন বিভাগের দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, “কৃত্রিম বন্যা সমস্যার সমাধানে সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতেও মানুষ সহযোগিতা করেছেন, ভবিষ্যতেও সরকারকে সহযোগিতা করবেন বলে আশা করছি। এই সমস্যা সমাধানে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে।”

এছাড়াও সমবায় বিভাগ নিয়ে তিনি বলেন, “মানুষকে সহায়তা করতে সমবায় ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অতীতে এই বিভাগের অবস্থা অত্যন্ত দুর্বল ছিল। তবে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সমবায় বিভাগে উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজ হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *