দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৬ জুন : শিলচরের ঐতিহ্যবাহী গুরুচরণ কলেজ বিশ্ববিদ্যালয়ে উন্নীত হওয়ার পর স্থায়ী ও বৃহৎ ক্যাম্পাস গড়ে তোলার দাবিতে সরব হয়েছে জিসি ইউনিভার্সিটি ডিম্যান্ড কমিটি। মঙ্গলবার দুধপাতিল এলাকার মুরলীধর, লেবুরবন্দ, পুটিচড়া ও কানাইকুড়ি সংলগ্ন অঞ্চলে বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপনের দাবিতে জেলা আয়ুক্ত আয়ুস গার্গের হাতে একটি স্মারকলিপি তুলে দেন কমিটির প্রতিনিধিরা।
কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রস্তাবিত এলাকায় প্রায় ৩০০ বিঘা সরকারি খাস জমি উপলব্ধ রয়েছে। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার দিক থেকেও স্থানটি অত্যন্ত উপযোগী হওয়ায় এখানে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব বলে তারা মনে করছেন।
জিসি ইউনিভার্সিটি ডিম্যান্ড কমিটির আহ্বায়ক তন্ময় পুরকায়স্থের নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলা আয়ুক্তের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবি ও যুক্তিগুলি তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ সম্প্রসারণ এবং উচ্চশিক্ষার পরিকাঠামো উন্নয়নের স্বার্থে দুধপাতিল এলাকাকেই নতুন ক্যাম্পাসের জন্য উপযুক্ত স্থান হিসেবে বিবেচনা করার আবেদন জানানো হয় স্মারকলিপিতে। এদিকে, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস গঠনের দাবিতে স্থানীয় বাসিন্দা ও শিক্ষামহলেও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।



