মাতৃ হস্তেন ভোজনং : মায়ের হাতে তৈরি খাবারে মালুগ্ৰামের সরস্বতী বিদ্যামন্দির প্রাঙ্গণ মুখরিত

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৩০ জুলাই :
মা ও সন্তানের আত্মিক বন্ধন আরও দৃঢ় করা এবং শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যকর ও সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলার উদ্দেশ্যে বৃহস্পতিবার সকালে মালুগ্ৰামের সরস্বতী বিদ্যামন্দিরে আয়োজিত হয় বিশেষ কর্মসূচি ‘মাতৃ হস্তেন ভোজনং’। বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা উৎসাহভরে অনুষ্ঠানে অংশগ্রহণ করে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, আধুনিক ফাস্ট ফুডের কারণে ঐতিহ্যবাহী পিঠা-পুলি ও অন্যান্য ঘরোয়া পুষ্টিকর খাবারের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ দিনকে দিনে কমছে। সেই উদ্বেগকে সামনে রেখে শিক্ষার্থীদের মধ্যে আবারও দেশীয় খাদ্যাভ্যাসের প্রতি আগ্রহ তৈরি করা এবং পরিবারিক বন্ধন জোরদার করাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।

অনুষ্ঠানে অভিভাবক মায়েরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে নিজ হাতে তৈরি সুস্বাদু ও পুষ্টিকর ঐতিহ্যবাহী খাবার নিয়ে আসেন। মায়েদের হাতে প্রস্তুত করা পিঠা, পুলি ও নানা ধরনের ঘরোয়া রান্না শিক্ষার্থীদের পরিবেশন করা হয়। খাবার গ্রহণকালে শিশুরা আনন্দে উদ্বেলিত হয় এবং অনুষ্ঠানের পরিবেশ পুরো দিন ধরেই উৎসবমুখর থাকে। অভিভাবকেরাও সন্তানেরা ও বিদ্যালয়কর্মীদের সঙ্গে মিশে আনন্দ ভাগাভাগি করেন।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যরা জানান, কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা মায়ের স্নেহ ও পরিবারের উষ্ণতার মূল্য বুঝতে শিখেছে এবং দেশীয় স্বাদ ও খাদ্যসংস্কৃতির প্রতি পুনরায় আগ্রহ জন্মেছে। অনুষ্ঠানের সাফল্যের জন্য বিদ্যালয় পরিবার অভিভাবক মায়েদের আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *