মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৪ জুন : দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং জনকল্যাণে ধারাবাহিক ভূমিকার স্বীকৃতিস্বরূপ নিলামবাজার ব্লক কংগ্রেসের উদ্যোগে বিধায়ক আমিনুর রশিদ চৌধুরীকে গণসংবর্ধনা প্রদান করা হয়। রবিবার অনুষ্ঠিত এই অনুষ্ঠানে দলীয় নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রথমবারের মতো বিপুল জনসমর্থন নিয়ে বিধায়ক নির্বাচিত হওয়ার পর থেকেই দক্ষিণ করিমগঞ্জের সার্বিক উন্নয়ন, জনস্বার্থ রক্ষা এবং বিভিন্ন জনমুখী প্রকল্প বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন আমিনুর রশিদ চৌধুরী। সেই কাজের স্বীকৃতি হিসেবেই তাকে সংবর্ধনা জানায় নিলামবাজার ব্লক কংগ্রেস।
বিধায়কের আগমনে করতালি, স্লোগান ও শুভেচ্ছা ধ্বনিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। পরে ব্লক কংগ্রেসের নেতৃবৃন্দ ফুলের তোড়া, উত্তরীয় ও স্মারক উপহার দিয়ে তাকে সংবর্ধিত করেন। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা দক্ষিণ করিমগঞ্জে উন্নয়নের গতি ত্বরান্বিত করতে বিধায়কের অবদানের প্রশংসা করেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষ একজন জনমুখী ও কর্মঠ জনপ্রতিনিধির প্রত্যাশা করেছিলেন। আমিনুর রশিদ চৌধুরী সেই প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করে চলেছেন। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, বিদ্যুৎসহ বিভিন্ন জনসমস্যা সমাধানে তিনি আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও উল্লেখ করেন তারা।
অনুষ্ঠানে বিভিন্ন মণ্ডল কংগ্রেসের সভাপতি ও নেতৃবৃন্দ বলেন, কংগ্রেস সবসময় উন্নয়ন, গণতন্ত্র ও সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাসী। সেই আদর্শকে সামনে রেখেই দক্ষিণ করিমগঞ্জে সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে কাজ করছেন বিধায়ক শামীম। তার নেতৃত্বে দলীয় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলেও দাবি করেন তারা।

সংবর্ধনা অনুষ্ঠানে বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী উপস্থিত সকল নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “জনগণের ভালোবাসা এবং দলের কর্মীদের অক্লান্ত পরিশ্রমই আমার শক্তি। দক্ষিণ করিমগঞ্জের মানুষের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও জনগণের স্বার্থে কাজ অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, যুবকদের কর্মসংস্থান এবং সামাজিক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে বৃহত্তর পরিকল্পনা নিয়ে কাজ চলছে। দক্ষিণ করিমগঞ্জকে একটি আধুনিক ও সমৃদ্ধ বিধানসভা এলাকায় পরিণত করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে নিলামবাজার ব্লকের অন্তর্গত বিভিন্ন মণ্ডল কংগ্রেস কমিটির সভাপতি, সম্পাদক, পদাধিকারী, প্রবীণ নেতা, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস এবং ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তিকে আরও সুদৃঢ় করার অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



