১৬ অক্টোবর : দিল্লির হাসপাতালে ভর্তি প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানি। শুক্রবার সন্ধ্যায় দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি দেশের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী এলকে আডবানি। ৯৮ বছর বয়সি এই প্রবীণ রাজনীতিবিদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেও জানানো হয়েছে। চলতি বছরের মে মাসেও, বয়স জনিত কারণে অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে।
হাসপাতাল এবং পারিবারিক ও আডবানির ঘনিষ্ট সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ আডবানিকে ভর্তি করা হয় হাসপাতালে। বুকে ব্যথা অনুভব করার পরেই তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁকে পালমোনারি বিভাগে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের একটি দলের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।



