১৬ অক্টোবর : বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে আজ শুক্রবার। আজ দুর্গাষষ্ঠী। দেবীর মূল প্রতিমায় আজ থেকে পূজা হবে। আগামী বুধবার বিজয়া দশমী পর্যন্ত ছয় দিন ঢাকঢোল ও কাঁসরের বাদ্যে মুখর থাকবে পূজামণ্ডপগুলো।
এবছর বাংলাদেশজুড়ে মোট ৩৩ হাজার ৮৫১টি দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে। গত বছর এই সংখ্যা ছিল ৩২ হাজার ৩৫১। অর্থাৎ, গত বছরের তুলনায় এবছর সারা দেশে ১ হাজার ৫০০টি পুজো বেড়েছে। তবে রাজধানী ঢাকায় পুজোর সংখ্যা কিছুটা কমেছে। এবছর ঢাকা মহানগরে মোট ২৫৮টি দুর্গাপুজো অনুষ্ঠিত হবে। গত বছর এই সংখ্যা ছিল ২৬১। অর্থাৎ, রাজধানীতে তিনটি পুজো কমেছে।

এ দিকে, দুর্গাপুজোর প্রস্তুতি চলাকালীন সিলেট, রাজবাড়ী, পঞ্চগড়, নেত্রকোনা ও টাঙ্গাইল-সহ কয়েকটি জেলায় প্রতিমা ও মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। ফরিদপুরের একটি ঐতিহ্যবাহী কালীমন্দিরে চুরির ঘটনাও ঘটেছে। পাশাপাশি সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, দোকানপাট ও মন্দিরে হামলা এবং লুটপাটের অভিযোগ উঠেছে।



