বরাক তরঙ্গ, ২৬ জুলাই : শ্রীভূমির সাংস্কৃতিক জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। জেলার সুপরিচিত নাট্যব্যক্তিত্ব, সমাজসেবী ও প্রাক্তন সরকারি কর্মচারী রঞ্জিত কুমার রায় রবিবার সকালে রায়নগরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তাঁর প্রয়াণে নাট্যজগতের পাশাপাশি জেলার সাংস্কৃতিক, সামাজিক ও শুভানুধ্যায়ী মহলে শোকের আবহ সৃষ্টি হয়েছে।
পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগে দীর্ঘ কর্মজীবন শেষে ২০১৮ সালে অবসর গ্রহণ করেন রঞ্জিত কুমার রায়। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নাট্যচর্চাকে জীবনের অন্যতম ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন। অবসরের পরও তিনি সমান উৎসাহে নাট্যচর্চা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সামাজিক উদ্যোগে নিজেকে নিয়োজিত রাখেন।
শ্রীভূমির সুপ্রাচীন নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি। তাঁর দক্ষ সাংগঠনিক নেতৃত্বে নাট্যগোষ্ঠী জেলার গণ্ডি পেরিয়ে বিভিন্ন সর্বভারতীয় নাট্য প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে। একজন দক্ষ অভিনেতা হিসেবেও তিনি বহু নাটকে স্মরণীয় অভিনয় উপহার দিয়েছেন। মঞ্চে তাঁর সাবলীল উপস্থিতি, সংলাপ পরিবেশন এবং চরিত্রের গভীরে প্রবেশ করার ক্ষমতা দর্শকদের মুগ্ধ করত। নাট্যচর্চার প্রতি তাঁর নিষ্ঠা বহু তরুণ শিল্পীর কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন সাংস্কৃতিক মহলের মানুষজন।
সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি সমাজসেবামূলক কাজেও তিনি ছিলেন অত্যন্ত সক্রিয়। ছাত্রজীবন থেকেই বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন এবং এনএসইউআই-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে সমাজের বিভিন্ন কল্যাণমূলক কাজে তিনি নিজেকে সম্পৃক্ত রাখেন। শ্রীভূমি সিনিয়র সিটিজেন অ্যাসোসিয়েশনের একজন সক্রিয় সদস্য হিসেবে প্রবীণদের কল্যাণে নানা উদ্যোগে অংশ নিতেন। এছাড়াও ‘পত্রিকা হাউস সান্ধ্য আড্ডা’ গ্রুপের একনিষ্ঠ সদস্য হিসেবে সাহিত্য-সংস্কৃতির চর্চায় নিয়মিত অংশগ্রহণ করতেন।
তাঁর সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মতে, রঞ্জিত কুমার রায় ছিলেন অত্যন্ত বিনয়ী, সদালাপী ও সংস্কৃতিমনস্ক একজন মানুষ। মানুষের পাশে দাঁড়ানো, সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুনদের উৎসাহিত করা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে তিনি সবসময় সচেষ্ট ছিলেন। তাঁর এই মানবিক গুণাবলিই তাঁকে সকলের কাছে শ্রদ্ধেয় করে তুলেছিল।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্র সন্তান রেখে গেছেন। তাঁর শেষকৃত্যে আত্মীয়-স্বজন, সাংস্কৃতিক কর্মী, নাট্যপ্রেমী এবং বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে শেষ শ্রদ্ধা জানান।
রঞ্জিতকুমার রায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শ্রীভূমি পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব, প্রাক্তন পুরপতি কৃষ্ণ দাস, শ্রীভূমি সিনিয়র সিটিজেন অ্যাসোসিয়েশনের সভাপতি সতু রায়, সাধারণ সম্পাদক বিষ্ণুপদ সাহা, ওয়ার্ড কমিশনার নির্মল বণিক, পত্রিকা হাউসের স্বত্বাধিকারী প্রবীর ভট্টাচার্য, জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ, সান্ধ্য আড্ডা গ্রুপের সভাপতি রবীন্দ্রচন্দ্র রায়, নীলমণি এইচএস স্কুলের প্রাক্তন অধ্যক্ষ শেখর দাস-সহ বহু বিশিষ্ট ব্যক্তি।



