নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় সোনাইয়ে প্রদীপ প্রজ্বালন কর্মসূচি পালন করল সোনাই মণ্ডল বিজেপি। প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন স্থানে প্রদীপ প্রজ্বালন করা হয়।
সোনাইয়ের শ্যামাকালী মন্দিরে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। এ সময় উপস্থিত ছিলেন সোনাই মণ্ডল বিজেপির সভাপতি অশোক কুমার গোয়ালা, সোনাই পুরসভার চেয়ারপারসন শিলুরানী দাস, ওয়ার্ড কমিশনার দিপুকুমার দাস-সহ দলীয় নেতা-কর্মীরা। পরে সোনাই বাজার পয়েন্টেও প্রদীপ প্রজ্বলন কর্মসূচিতে অংশ নেন সাংসদ।
এরপর উত্তর মোহনপুরের গ্রিন পার্কে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম, বিজেপি নেতা অশোক গোয়ালা, হিমাংশু দাস, লায়া সিংহ-সহ অন্যান্যরা।
এদিন বক্তব্য রাখতে গিয়ে সাংসদ পরিমল শুক্লবৈদ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। পাশাপাশি তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে প্রার্থনা করা হয়।



