মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৯ মে : পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি। বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপির শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী। এই রাজনৈতিক পালাবদলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পাথারকান্দি বিধানসভার বিধায়ক ও অসম সরকারের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল।
রাজনৈতিক মহলে এই জয়কে যুগান্তকারী পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে পরিবর্তনের প্রত্যাশায় থাকা মানুষের আশা বাস্তবায়িত হয়েছে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। বিজেপির দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কৌশলী প্রচারের ফলেই বাংলায় এই সাফল্য এসেছে।
শপথগ্রহণ অনুষ্ঠানে দেশজুড়ে বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে কলকাতাজুড়ে উৎসবের আবহ দেখা যায়। এদিকে কৃষ্ণেন্দু পাল বলেন, এই জয় শুধুমাত্র নির্বাচনী সাফল্য নয়, বরং বাংলার মানুষের শান্তি, উন্নয়ন ও সুশাসনের প্রত্যাশার প্রতিফলন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ আরও উন্নত, নিরাপদ ও শিল্পসমৃদ্ধ রাজ্যে পরিণত হবে। নির্বাচনের ফল ঘোষণার পর কলকাতা থেকে উত্তরবঙ্গ পর্যন্ত বিজেপি কর্মী-সমর্থকদের বিজয় মিছিল, আবির খেলা ও মিষ্টি বিতরণে উৎসবের আবহ তৈরি হয়েছে।



