শ্রীভূমির ডিসি কর্মশ্রী পুরস্কারে ভূষিত

Spread the news

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৫ আগস্ট :
রাজ্য সরকারের কর্মশ্রী পুরস্কারে ভূষিত হলেন শ্রীভূমির জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী। ২০২৬ সালের হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষায় জেলা আগের বছরের তুলনায় চমকপ্রদ ফলাফল করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁকে এবং তাঁর টিমকে এই পুরস্কার দেওয়া হয়েছে। বুধবার গুয়াহাটির পাঞ্জাবাড়ির দামোদর দেব ইন্টারন্যাশনাল অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রণোজ পেগু-র হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন ডিসি প্রদীপ কুমার দ্বিবেদী এবং তাঁর টিম। এই টিমে রয়েছেন শ্রীভূমির সহকারী আয়ুক্ত রসিকা ইসলাম, বিদ্যালয় পরিদর্শক নিলামজ্যোতি দাস এবং ডায়েটের অধ্যক্ষ মাহুল চৌধুরী। পুরস্কার হিসেবে একটি ট্রফি এবং টিমের সবাইকে প্রশংসা পত্র প্রদান করা হয়। ২০২৬ সালে আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ড পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় শ্রীভূমি জেলা আগের বছরের তুলনায় অনবদ্য ফলাফল করে।

ডিসি প্রদীপ কুমার দ্বিবেদীর নেতৃত্বে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার ফলে ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষায় পাশের হার ১৯ শতাংশ বৃদ্ধি পায়। এই পদক্ষেপগুলির মধ্যে রয়েছে জেলার মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ হতে যাওয়া ১২হাজার এরও বেশি ছাত্রছাত্রীকে তাদের দক্ষতা যাচাই করা হয়। ফলে চূড়ান্ত পরীক্ষায় বসার আগে তাদের কনফিডেন্স লেভেল বেড়ে যায়। পাশাপাশি সরকারি বিদ্যালয়ে প্রথমবারের মতো অভিভাবক শিক্ষক সভার আয়োজন করা হয়। এতে ব্যাপক আকারে আয়োজিত দক্ষতা পরীক্ষার ফলাফল নিয়ে আলোচনা করা হয়। সভাগুলিতে অভিভাবকদের ব্যাপক অংশগ্রহণ পরিলক্ষিত হয়।

এছাড়া প্রশাসনের উদ্যোগে ডায়েটের মাধ্যমে পরীক্ষায় অবতীর্ণ হতে যাওয়া পড়ুয়াদের লক্ষ্যভিত্তিক প্রতিকারমূলক পাঠ্য সামগ্রীও প্রস্তুত করে ব্যাপক পাঠদান করা হয়। প্রশাসনের সরাসরি হস্তক্ষেপের ফলে একই বছরে ফলাফল ১৯ শতাংশ বৃদ্ধি হয়ে শ্রীভূমি জেলা রাজ্যের মধ্যে ১৬তম স্থান দখল করে এবং বরাক উপত্যকার তিন জেলার মধ্যে প্রথম স্থান দখল করে। অর্থাৎ রাজ্যের মধ্যে ১৫ টি জেলা শ্রীভূমির চেয়ে ভালো ফল করেছে। প্রশাসনের নেওয়া এই পদক্ষেপের ফলে জেলায় ২০২৬ সালে আরও দশ হাজারেরও বেশি ছাত্র ছাত্র উপকৃত হন।

উল্লেখ্য, ২০২৫ সালে শ্রীভূমি জেলা রাজ্যের মধ্যে ৩৩তম জেলা হিসেবে ৪৭.৮ শতাংশ ফলাফল করে। ২০২৬ সালে ফলাফল দাঁড়ায় ৬৬.২৬ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *