প্রবীণদের অভিজ্ঞতা ও আশীর্বাদকে পাথেয় করে উন্নত সমাজ গড়ার অঙ্গীকার কৃষ্ণেন্দু পাল

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৫ নভেম্বর : প্রবীণ নাগরিকদের অভিজ্ঞতা, মূল্যবোধ ও পরামর্শকে কাজে লাগিয়ে উন্নত ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলার অঙ্গীকার নিয়ে পাথারকান্দিতে অনুষ্ঠিত হলো প্রবুদ্ধ নাগরিক সম্মেলন। রবিবার পাথারকান্দি বিধানসভা কেন্দ্রভিত্তিক এই সম্মেলনে উপস্থিত ছিলেন অসম সরকারের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য এলাকা ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল।

সম্মেলনে এলাকার বিশিষ্ট ও প্রবীণ নাগরিকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন মন্ত্রী। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবীণদের দীর্ঘদিনের সামাজিক অভিজ্ঞতা, জীবনসংগ্রাম, এলাকার বিভিন্ন সমস্যা এবং ভবিষ্যৎ উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। তাঁদের মূল্যবান পরামর্শ ও মতামত মনোযোগ সহকারে শোনেন মন্ত্রীসহ উপস্থিত বিজেপি নেতৃত্ব। আগামী দিনে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর প্রত্যয়ও ব্যক্ত করা হয়।

এদিনের সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এবং মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বাধীন অসম সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের খতিয়ান তুলে ধরা হয়। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, পরিকাঠামো নির্মাণ এবং সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়নে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা বলেন, প্রবীণ নাগরিকরা শুধু পরিবারের অভিভাবক নন, তাঁরা সমাজেরও অমূল্য সম্পদ। তাঁদের অভিজ্ঞতা ও জীবন থেকে পাওয়া শিক্ষা নতুন প্রজন্মকে সঠিক পথ দেখাতে পারে। তাই তাঁদের সম্মান, মর্যাদা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সমাজ গঠনে তাঁদের মতামতকে যথাযথ গুরুত্ব দেওয়া জরুরি।

মন্ত্রী কৃষ্ণেন্দু পাল প্রবীণদের আশীর্বাদ ও সহযোগিতাকে পাথেয় করে পাথারকান্দিকে আরও উন্নত ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্মেলনে শ্রীভূমি জেলা বিজেপির সহ-সভাপতি ডা. মানস দাস, পাথারকান্দির প্রাক্তন জেলা পরিষদ সদস্য শশীবাবু সিনহা-সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *