কটামণির গদারপুলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত ৫

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৬ এপ্রিল : কটামণির গদারপুল এলাকায় বৃহস্পতিবার দুপুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই অটোর মুখোমুখি সংঘর্ষে পাঁচজন গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জানা গেছে, লোয়াইরপোয়া–কানমুন সড়কে এএস-১০-বিসি-৭২১৭ নম্বরের একটি ইলেকট্রিক অটো ইচাবিল দিক থেকে কটামণির দিকে আসছিল। অপরদিকে, এএস-১০-বিসি-৬৬১৭ নম্বরের একটি পেট্রোলচালিত অটো কটামণি থেকে ইচাবিলের দিকে যাচ্ছিল। গদারপুল এলাকায় পৌঁছতেই হঠাৎ করেই দুই অটোর মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় দু’টি অটোর সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আঙ্গুরী বিবি, বুলনেই চরেই, রণধীর পাল, ইসলাম উদ্দিন এবং আফজালুর রহমান। জানা গেছে, আফজালুর রহমান অটোর চালক ছিলেন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে কটামণি ওয়াচ পোস্টের পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে প্রথমে বাজারিছড়া হাসপাতালে নিয়ে যায়। পরে তাদের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মাকুন্দা খ্রিস্টিয়ান লেপ্রসি অ্যান্ড জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে, দুর্ঘটনাগ্রস্ত দুটি অটো পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে অতিরিক্ত গতি বা অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *