বরাক তরঙ্গ, ৫ নভেম্বর : চলে গেলেন কাছাড় ক্যান্সার হাসপাতালের প্রতিষ্ঠাতা সদস্য, সমাজকর্মী তথা বরাক তথা উত্তর পূর্বাঞ্চলের ক্যান্সার রোগীদের অন্যতম ভরসার কেন্দ্রবিন্দু কল্যাণকুমার চক্রবর্তী। এক শোকবার্তার মাধ্যমে এদিন প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানাল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। শোক বার্তায় বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন যে কাছাড় ক্যান্সার হাসপাতালের জন্মলগ্ন থেকে কল্যান চক্রবর্তী এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে পরিচালনা সমিতিতে সরাসরি না থাকলেও আমৃত্যু এই প্রতিষ্ঠানের সাথে নিজেকে জড়িয়ে রেখেছিলেন।
তিনি বলেন, কল্যাণ চক্রবর্তী নিজেও দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগী। কিন্তু এমন এক কালান্তক রোগও তাঁর মানবদরদী মনকে দমিয়ে রাখতে পারেনি বরঞ্চ অসংখ্য ক্যান্সার রোগীদের প্রতি তাঁর সহমর্মিতা ও সহযোগীতার ভুমিকাকে দৃঢ়তর করে তুলেছিল। তিনি বলেন, চাকরি থেকে অবসর নেবার পর তাঁর জীবনের প্রায় পুরোটাই ক্যান্সার রোগীদের মানসিক ও অন্যান্য সাহায্য প্রদানে অতিবাহিত হয়েছে। যাঁরা নতুন করে রোগে আক্রান্ত হয়ে কাছাড় ক্যান্সার হাসপাতালে এসেছেন দীর্ঘদিন ধরে তাঁদের আশা ভরসার স্থল ছিলেন কল্যাণ চক্রবর্তী। তিনি তাঁদের পাশে থেকেছেন, সাহস জুগিয়েছেন, চিকিৎসা সেবাকে মসৃন করার চেষ্টায় নিবেদিত থেকেছেন এবং পুরোটাই নিঃস্বার্থ ভাবে।

প্রদীপ দত্তরায় বলেন, ক্যান্সার রোগের বিভিন্ন আধুনিক চিকিৎসা ইদানিং আবিস্কৃত হয়েছে, কিন্তু সবটাই এখনো রোগ প্রতিরোধে সফল, নিরাময়ে নন। তাই একবার কারুর এই রোগ শনাক্ত হলে, তাঁর এবং তাঁর নিকটাত্মীয়দের মানসিক অবস্থা কি দাঁড়ায়, তা সহজেই অনুমেয়। বিদেশে ক্যান্সার রোগীদের শারীরিক উপসর্গ উপশমের পাশাপাশি মানসিক চাপ ও উদ্বেগ কমাতে পেশাদারী পরামর্শ ও দেওয়াকে চিকিৎসা ব্যাবস্থার অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু ভারতের মতো উন্নয়নশীল দেশ, যেখানে সামগ্রিক স্বাস্থ্যসেবা সামলাতেই সরকারের হাঁসফাঁস অবস্থা, সেখানে এই ধরনের ব্যবস্থা বিলাসিতা হিসেবেই ধরে নেওয়া হয়। বেসরকারি স্তরেই এই নিয়ে সুনির্দিষ্ট কোন উদ্যোগ নেওয়া হয়না।

তিনি বলেন, পেশাদার না হয়েও নীরবে সেই গুরুত্বপূর্ণ কাজটাই আমৃত্যু করে গেছেন কল্যাণ চক্রবর্তী। তাই তাঁর এই ব্যতিক্রমী ভুমিকা বরাক তথা উত্তর পূর্বাঞ্চলের ক্যান্সার রোগী এবং সংশ্লিষ্টরা অনেক দিন মনে রাখবেন।

তিনি এদিন প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা করেছেন এবং তাঁর পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।



