কচুয়াদাম মহাত্মা গান্ধী আদর্শ হাসপাতাল আকস্মিক পরিদর্শন জাকারিয়ার

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৫ আগস্ট :
কচুয়াদাম মহাত্মা গান্ধী আদর্শ হাসপাতালে আকস্মিক পরিদর্শন করলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমদ। বুধবার হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখে স্বাস্থ্য পরিষেবার মান, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি, ওষুধের সরবরাহ, রোগীদের চিকিৎসা ব্যবস্থা, পরিচ্ছন্নতা এবং সামগ্রিক পরিকাঠামো খতিয়ে দেখেন তিনি।

পরিদর্শনের সময় হাসপাতালের ইনচার্জ, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার বিষয়ে সরাসরি তথ্য সংগ্রহ করেন বিধায়ক। পাশাপাশি হাসপাতালের প্রয়োজনীয় উন্নয়নমূলক বিষয় নিয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন।

এ সময় জাকারিয়া আহমদ স্পষ্ট ভাষায় জানান, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে কোনও ধরনের গাফিলতি বা অবহেলা বরদাস্ত করা হবে না। তিনি বলেন, উন্নত স্বাস্থ্যব্যবস্থা একটি সুস্থ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। তাই হাসপাতালের প্রতিটি পরিষেবা স্বচ্ছ, মানবিক ও দায়িত্বশীলভাবে পরিচালিত হওয়া জরুরি।

বিধায়ক আরও বলেন, উত্তর করিমগঞ্জের মানুষের প্রতিনিধি হিসেবে এলাকার প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়নে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। হাসপাতালের যেসব সমস্যা রয়েছে, সেগুলি সংশ্লিষ্ট দপ্তরের নজরে এনে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন।

তিনি হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর শূন্যপদ পূরণ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং রোগীবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

বিধায়কের এই আকস্মিক পরিদর্শনকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের আশা, দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান হবে এবং কচুয়াদাম মহাত্মা গান্ধী আদর্শ হাসপাতালের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে। রোগী ও তাঁদের পরিবারের সদস্যরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে আরও কার্যকর ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *