বরাক তরঙ্গ, ৭ সেপ্টেম্বর : ডাইবর্লাং এফসি জামিরখালকে গোলবন্যায় ভাসিয়ে প্রত্যাশিত ভাবেই মাতৃভূমি কাপ ফুটবলের ফাইনালে উঠলো শক্তিশালী জামালপুর দল। সোমবার ধলাইর বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমূখী বিদ্যালয়ের খেলার মাঠে প্রতিপক্ষ জামিরখাল এফসি-কে ৯-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে প্রথম দল হিসেবে ফাইনালে প্রবেশ করে তারা। আজকের ম্যাচ ছিল একপেশে, জামিরখালের সঙ্গে রীতিমত ছেলেখেলা করলো জামালপুর দল।
এদিন ম্যাচ হাই-ভোল্টেজ হবে এই প্রত্যাশা নিয়েই মাঠে এসেছিলেন ফুটবলপ্রেমী দর্শক, পুরো মাঠ ছিল শুধু লোকে লোকারণ্য । দর্শকের ভিড়ে সাত সাতটি গ্যালারি পরিপূর্ণ ছিল, কোথাও ছিল না তিল ধারণের জায়গা। যদিও ভিড়কে নিয়ন্ত্রণে আনতে অনেকটা বেগ পেতে হয়েছে আয়োজকদের তথাপি ম্যাচ ছিল অত্যন্ত শান্তিপূর্ণ। এদিন ফাইনালের টিকিট আদায়ে শুরু থেকেই দু’দলের মধ্যে আক্রমণ ও পাল্টা আক্রমণের খেলায় বেশ জমে উঠে ম্যাচ। গ্যালারিতে দু’দলের সমর্থকদের গগনবিদারী চিৎকার ও উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
দর্শকরা যা ভেবে ম্যাচ দেখতে এসেছিলেন তা কিন্তু দেখা যায়নি গোটা ম্যাচে। প্রথমার্ধ থেকেই বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে জামালপুর। অপরদিকে নিজেদেরকে জামালপুরের কাছে একপ্রকার আত্মসমর্পণ করলো জামিরখাল। প্রথমার্ধের খেলার ২ ও ২৭ মিনিটে জেনিস জোড়া গোল করেন। এছাড়া ৭ মিনিটে ওয়ানসু, ৩৩ মিনিটে কেলভিন ও প্রথমার্ধের অতিরিক্ত সময়ের দুই মিনিটের মাথায় শাহিল গোল করেন। অবশ্য জামিরখাল দল প্রথমার্ধে একটি গোল করতে সক্ষম হয়, খেলার ২৩ মিনিটে গোলটি করেন নিক। প্রথমার্ধের খেলায় ৫-১ গোলে এগিয়ে থাকে জামালপুর দল।

প্রথমার্ধে ৫-১ গোলের লিডে দারুণ উজ্জীবিত জামালপুর দল দ্বিতীয়ার্ধের খেলায়ও নিজেদের আধিপত্য বজায় রেখে আরও চারটি গোল করে । দ্বিতীয়ার্ধে জামালপুর দলের ফরোয়ার্ড ডেভিড হ্যাট্রিক করেন, খেলার ৪৮, ৬৪ ও ৬৯ মিনিটে গোল করেন ডেভিড। দ্বিতীয়ার্ধে জামালপুর দলের হয়ে অন্য গোলটি করেন ধ্রুব, খেলার ৬২ মিনিটে । দ্বিতীয়ার্ধের খেলায় দাঁড়াতেই পারেনি জামিরখাল। শেষ পর্যন্ত ৯-১ গোলে ম্যাচ জিতে প্রথম দল হিসেবে অনায়াসে মাতৃভূমি কাপের ফাইনালে পৌঁছে যায় জামালপুর। ফাইনালের টিকিট নিশ্চিত হতেই তুমুল হর্ষোল্লাসে ফেটে পড়েন জামালপুর দলের সমর্থকরা ।
দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সেরা খেলোয়াড় নির্বাচিত হন ডেভিড । তাঁর হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি প্রাক্তন জেলা ক্রীড়াধিকারিক বদর উদ্দিন মজুমদার ও প্রাক্তন জেলা পরিষদ সদস্য মানব সিং। এদিনের খেলা পরিচালনা করেন শামিম আহমদ বড়ভইয়া, প্রবীণ বর্মণ, জাফর বড়ভূইয়া ও সিদ্দিক আহমেদ লস্কর। ৯ সেপ্টেম্বর টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ওয়াইথাই এফসি ও ইসলামাবাদ এফসি।



