ভূপেন হাজারিকার শততম জন্মবার্ষিকীতে শিলচরে মেগা ফাইনাল সঙ্গীত প্রতিযোগিতা

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৭ সেপ্টেম্বর: ভারতরত্ন তথা সুধাকণ্ঠ ড. ভূপেন হাজারিকার শততম জন্মবার্ষিকী উপলক্ষে শিলচরে অনুষ্ঠিত হলো মেগা ফাইনাল সঙ্গীত প্রতিযোগিতা। সোমবার সকাল ১১টা থেকে শিলচর সঙ্গীত বিদ্যালয়ের মুকুন্দদাস-কালিকাপ্রসাদ স্মৃতি মঞ্চে ব্যতিক্রম গ্রুপের ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এর আগে বরাক উপত্যকার বিভিন্ন বিধানসভা কেন্দ্রভিত্তিক ভূপেন হাজরিকা সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেই প্রতিযোগিতাগুলির বিজয়ীদের নিয়েই এদিনের মেগা ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চারটি বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে শ্রুতি মিউজিক অ্যাকাডেমির শিল্পীরা সমবেতভাবে ভূপেন হাজারিকার গান পরিবেশন করেন। এরপর বিচারক মনিষা হাজারিকা, বিশ্বজিৎ রায় চৌধুরী, গীতাঞ্জলি কাকতি ও জয়তি ভট্টাচার্য, আইনজীবী সোয়েলী শীল সরকার, ব্যতিক্রম গ্রুপের কর্ণধার সৌমেন ভারতীয়া, শিক্ষাবিদ শঙ্কর চৌধুরী-সহ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে পঞ্চপ্রদীপ প্রজ্বলন করা হয়। একই সঙ্গে ভূপেন হাজারিকার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপস্থিত বিচারক ও বিশিষ্ট অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মান জানান ব্যতিক্রম গ্রুপের সদস্যরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিচারক মনিষা হাজরিকা বলেন, সুধাকণ্ঠ ভূপেন হাজরিকা তাঁর সঙ্গীতের মাধ্যমে সব জাতি ও ভাষাভাষীর মানুষকে একসূত্রে বাঁধতে চেয়েছিলেন। অসমিয়া, বাংলা ও হিন্দি—তিন ভাষাতেই তাঁর সঙ্গীত ব্যাপকভাবে সমাদৃত হয়েছে।
সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যতিক্রম গ্রুপের কর্ণধার সৌমেন ভারতীয়া ও ভাস্কর দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *