মাতৃভূমি কাপের ফাইনালে ইসলামাবাদ

Spread the news

বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : ধলাইয়ের মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের বহুপ্রতীক্ষিত মেগা ফাইনালের লড়াই চূড়ান্ত হয়ে গেল। আগামী ১৩ সেপ্টেম্বর শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে জামালপুর এফসি ও ইসলামাবাদ এফসি। বুধবার বাম নিত্যানন্দ উচ্চমাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ওয়াইথাইং এফসিকে ২-০ গোলে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করে ইসলামাবাদ এফসি।

ফাইনালে ওঠার লক্ষ্যে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দল। হাড্ডাহাড্ডি লড়াইয়ে জমে ওঠে ম্যাচ। প্রথমার্ধেই জোড়া গোল করে ইসলামাবাদকে এগিয়ে দেন হেষ্ট রিম্বাই। ম্যাচের ১৩ মিনিটে প্রথম গোল করার পর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে, ৩৫+২ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। ফলে বিরতিতে ২-০ গোলে এগিয়ে যায় ইসলামাবাদ।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা চালায় ওয়াইথাইং এফসি। অন্যদিকে লিড ধরে রেখে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার চেষ্টা করে ইসলামাবাদ। দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হলেও দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত হেষ্ট রিম্বাইয়ের জোড়া গোলের সুবাদে ২-০ ব্যবধানে জয় নিয়ে ফাইনালে পৌঁছে যায় ইসলামাবাদ এফসি। দলের ফাইনালে ওঠার খবরে উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকরা।

ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সেরা খেলোয়াড় নির্বাচিত হন অবিন নংগ্সপুইয়াম। তাঁর হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি জ্যোতি বর্মণ ও নিয়তি বর্মণ।

এদিনের ম্যাচ পরিচালনা করেন নির্মল ভট্টাচার্য, প্রবীণ বর্মণ, কমরুজ্জামান লস্কর ও সিদ্দিক আহমদ লস্কর। ম্যাচ শুরুর আগে মহিলা রেফারি এবং সোনাই রেফারি অ্যাসোসিয়েশনের সভাপতি ও সম্পাদককে সংবর্ধনা জানায় আয়োজক মাতৃভূমি সামাজিক সংস্থা।

আয়োজক সংস্থার সভাপতি সিতাংশু দাস জানান, আগামী ১৩ সেপ্টেম্বর রবিবার অনুষ্ঠিত হবে মাতৃভূমি কাপের মেগা ফাইনাল। ফাইনাল ম্যাচে রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *