বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটি ও শিল্পকারখানায় ইরানের হামলা

Spread the news

২২ নভেম্বর : বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও একটি বেসামরিক শিল্পকারখানায় হামলা চালিয়েছে ইরান। শনিবার শিল্পকারখানাটিতে হামলার পর আগুন ধরে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে বাহরাইন কর্তৃপক্ষ। অন্যদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, দেশটিতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত হামলা চালিয়েছে তারা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, একটি বেসামরিক শিল্পকারখানায় হামলার পর আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করেন দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মীরা। তবে কারখানাটির অবস্থান বা সেখানে কী ধরনের উৎপাদন কার্যক্রম চলে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

বার্তা সংস্থা এএফপিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তাঁরা বাহরাইনের পূর্ব উপকূলে অবস্থিত সিত্রা দ্বীপের ওপর ধোঁয়া উঠতে দেখেছেন। দ্বীপটিতে বেশ কয়েকটি শিল্পকারখানা রয়েছে। এর মধ্যে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি বাপকোর পরিচালিত একটি তেল শোধনাগারও রয়েছে। তবে হামলার শিকার কারখানাটি সিত্রা দ্বীপে অবস্থিত কি না, তা কর্তৃপক্ষ নিশ্চিত করেনি।

এর আগে সম্ভাব্য হামলার আশঙ্কায় বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাসিন্দাদের নিকটবর্তী নিরাপদ স্থানে চলে যাওয়ার সতর্কবার্তা দিয়েছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক বলে ঘোষণা দেওয়া হলেও আবারও সতর্কবার্তা জারি করা হয়।

এদিকে, বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের কয়েকটি আকাশপথে চালানো হামলা প্রতিহত করেছে। এসব হামলা প্রতিহত করার সময় ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী আরও বলেছে, তেহরান দেশটির বিরুদ্ধে ‘পরিকল্পিত শত্রুতামূলক আচরণ’ অব্যাহত রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *