২৪ সেপ্টেম্বর : ওমানের পূর্ব উপকূলের কাছে অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার এমভি কেপ দাও-এ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলায় উত্তরপ্রদেশের বাসিন্দা ভারতীয় নাবিক তথা ‘উইপার’ সূরজ যাদব নিহত হয়েছেন। জাহাজে থাকা অন্য ১৯ জন ভারতীয় নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে বুধবার ভারত সরকার জানিয়েছে।
ভারতের বিদেশ মন্ত্রণালয় এক বিবৃতিতে হামলার ঘটনায় গভীর দুঃখ ও নিন্দা প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, জাহাজে থাকা ২০ জন ভারতীয় নাবিকের মধ্যে ১৯ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। তবে একজন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ভারত সরকার।
ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতির ওপর নজর রাখছে। উদ্ধার হওয়া ভারতীয় নাবিকদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে ওমানের কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় করা হচ্ছে। এ ঘটনায় সহযোগিতার জন্য ওমানের কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানিয়েছে ভারত।
বিদেশ মন্ত্রণালয় জানিয়েছে, ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। উত্তেজনা প্রশমিত করতে এবং দ্রুত শান্তি ফিরিয়ে আনতে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে ভারত।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বাণিজ্যিক জাহাজ, নাবিক ও বেসামরিক পরিকাঠামোর ওপর হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক জলপথে নিরাপদ ও নির্বিঘ্নে জাহাজ চলাচল এবং বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক করার ওপর জোর দিয়েছে ভারত।



