দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২ আগস্ট : সাউথ অসমের নারী উদ্যোক্তাদের নিয়ে গঠিত নবগঠিত সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠান রবিবার শিলচরের রাঙ্গিরখাড়ির হোটেল বিভায় অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানে এলাকার নারী উদ্যোক্তা, ব্যবসায়ী ও সমাজসেবীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল “একসাথে এগিয়ে, নেতৃত্ব”।
আয়োজক অনামিকা পুরকায়স্থ, ঋদ্ধি দেব, মীনাক্ষী দাস ও অর্পিতা দেবাশিষ জানান, উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়। পাশাপাশি সদস্যদের মধ্যে নেটওয়ার্কিং সেশন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও ঘোষণা করা হয়।
স্থানীয় নৃত্যশিল্পীদের গণেশ বন্দনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিশিষ্ট চিকিৎসক ডাঃ মনিকা দেব এবং ব্যবসায়ী দেবাশিস দাস মাঙ্গলিক পঞ্চপ্রদীপ প্রজ্জ্বলন ও সংগঠনের ব্যানার উন্মোচন করেন।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মনিকা দেব বলেন, নারীদের আর্থিক স্বাবলম্বিতা সমাজের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি প্রত্যেক নারীকে আত্মনির্ভরশীল হয়ে আর্থিক সক্ষমতার পাশাপাশি সামাজিক ক্ষেত্রেও আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে ব্যবসায়ী দীপঙ্কর দাস নারী উদ্যোক্তাদের উদ্যোগের প্রশংসা করে বলেন, একজন সফল পুরুষের পিছনে যেমন একজন নারীর অবদান থাকে, তেমনি বর্তমান সময়ে নারীরাও নিজস্ব যোগ্যতায় সব ক্ষেত্রেই দ্রুত এগিয়ে চলেছেন। তিনি নবগঠিত সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল গত ৮ থেকে ১০ জুলাই অনুষ্ঠিত ফ্যাশন মেলার ক্রেতাদের জন্য ঘোষিত লাকি ড্র। উপস্থিত অতিথিদের হাত দিয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।



