বরাক তরঙ্গ, ২৬ মে : ভোরের প্রবল কালবৈশাখী ঝড় ও মুষলধারে বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত হয়ে পড়ল ত্রিপুরার খোয়াই জেলা। কয়েক ঘণ্টার টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপটে খোয়াই শহর সহ বিস্তীর্ণ এলাকার জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়। শহরের একাধিক প্রধান সড়ক জলমগ্ন হয়ে পড়ার পাশাপাশি বিভিন্ন জায়গায় গাছ উপড়ে পড়ে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়।
সবচেয়ে দুর্ভোগের ছবি ধরা পড়ে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের সামনে। একদিনের ভারী বৃষ্টিতেই বিদ্যালয় সংলগ্ন মূল সড়কটি পুরোপুরি জলের তলায় চলে যায়। স্থানীয়দের অভিযোগ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের জন্য সম্প্রতি লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত বক্স কালভার্ট থাকা সত্ত্বেও সামান্য বৃষ্টিতেই রাস্তা জলমগ্ন হয়ে পড়ায় প্রশাসনিক কাজের গুণমান নিয়ে প্রশ্ন উঠছে।
অন্যদিকে, ঝড়ের তীব্রতায় খোয়াই শহরের সুভাষপার্ক বইমেলা প্রাঙ্গণের সামনে একটি বিশালাকার গাছ উপড়ে প্রধান সড়কের ওপর আছড়ে পড়ে। ব্যস্ততম ওই রাস্তায় গাছ পড়ে যাওয়ায় মুহূর্তের মধ্যেই দু’পাশে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের কর্মীরা। উদ্ধারকারী দল যুদ্ধকালীন তৎপরতায় গাছ কেটে রাস্তা পরিষ্কার করলে দীর্ঘক্ষণ পর পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয়দের দাবি, বর্ষা মরশুম শুরুর আগেই শহরের নিকাশি ব্যবস্থা ও বিপজ্জনক গাছ চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। ছবি সৌজন্যে Rtv Tripura.



