২৮ সেপ্টেম্বর : চোখের পলকে চোখের সামনে আস্ত একটা পাহাড় যেন নিমিষে উধাও হয়ে গেল! হিমালয়ের খাড়া পাহাড় থেকে মাটি, পাথর আর গাছপালা হুড়মুড়িয়ে নেমে আসার এমনই এক হাড়হিম করা ও রোমহর্ষক ভিডিও সামনে এসেছে, যা দেখে রীতিমতো চমকে উঠেছে গোটা দেশ। নেপালে টানা বৃষ্টি, বন্যা ও ভয়াবহ ধসের জেরে পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে।
মানাং জেলার চাম এলাকায় ঘটা এই ভয়াবহ ভূমিধসের দৃশ্য দেখে শিউরে উঠছেন নেটিজেনরাও।
গত ২৪ থেকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে টানা বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের জেরে নেপালে মৃতের সংখ্যা কুড়ি ছাড়িয়ে গেছে। ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি (NDRRMA)-র তথ্য অনুযায়ী, ধস ও বন্যায় এখনও পর্যন্ত বহু মানুষ প্রাণ হারিয়েছেন এবং বহু মানুষ নিখোঁজ রয়েছেন। মানাংয়ের চাম এলাকায় ধসের জেরে মার্সিয়াংদি নদীর গতিপথ সাময়িকভাবে আটকে যায়। অন্যদিকে, মুস্তাংয়ে ধস নেমে কালীগণ্ডকী নদীর গতিপথও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল স্রোতের জেরে মিরমি ও হারমিচৌরের সংযোগকারী একটি বেইলি সেতু ভেসে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
পরিস্থিতি এতটাই বিপজ্জনক হয়ে উঠেছে যে, পর্যটক এবং ট্রেকারদের জন্য কঠোর সতর্কতা জারি করেছে প্রশাসন। মানাংয়ের ৭,১২৬ মিটার উঁচু হিমলুং হিমালয়ে তুষারধসের কবলে পড়ে কয়েকজন পর্বতারোহী নিখোঁজ হওয়ার খবর মিলেছে। দুর্গম এলাকাগুলি থেকে আটকে থাকা মানুষদের উদ্ধারে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে হওয়া এই অবিরাম বৃষ্টির ফলে পাহাড়ের মাটি আলগা হয়ে যাওয়ায় ধসের ঝুঁকি আরও বেড়েছে। নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।



