বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হতে চলেছে শিলচর পুর নিগম নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই সাংগঠনিক তৎপরতা জোরদার করেছে বিজেপি। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার জেলা বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ নির্বাচনকেন্দ্রিক সাংগঠনিক বৈঠক।
বৈঠকে শিলচর পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত প্রভারী, জেলা বিজেপির পদাধিকারী এবং পুর নিগমের মণ্ডল সভাপতিরা উপস্থিত ছিলেন। আসন্ন পুর নিগম নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক প্রস্তুতি, ওয়ার্ডভিত্তিক কার্যক্রম, প্রচার পরিকল্পনা এবং নির্বাচনী কৌশল নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
দলীয় সূত্রে জানা যায়, প্রতিটি ওয়ার্ডে সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের কাছে দলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি ও পরিকল্পনা তুলে ধরার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। নির্বাচনের আগে তৃণমূল স্তরে কর্মীদের সক্রিয়তা বাড়ানো এবং সমন্বয়ের মাধ্যমে প্রচারাভিযান পরিচালনার বিষয়েও আলোচনা হয়।
বৈঠক থেকে দলীয় কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সুসংগঠিত সাংগঠনিক শক্তি ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শিলচরকে আরও উন্নত, আধুনিক ও সমৃদ্ধ করে তোলার লক্ষ্যে প্রত্যেক কর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর জোর দেওয়া হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, রাজ্যসভার সদস্য কণাদ পুরকায়স্থ এবং জেলা পরিষদ সভাপতি কঙ্কন নারায়ণ সিকিদার।



