বরাক তরঙ্গ, ২ আগস্ট : সেনসাস-২০২৭-এর প্রথম পর্যায়ের কার্যক্রমের অংশ হিসেবে হাইলাকান্দি রাজস্ব চক্রের অন্তর্গত হাইলাকান্দি ও আলগাপুর চক্রের এনুমেরেটর ও সুপারভাইজারদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সূচনা হয়েছে রবিবার।
হাইলাকান্দি সার্কলের প্রশিক্ষণ জেলা শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান (ডায়েট), হাইলাকান্দিতে এবং আলগাপুর চক্রের প্রশিক্ষণ আলগাপুর উন্নয়ন খণ্ড কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উভয় স্থানেই আনুষ্ঠানিকভাবে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
ডায়েটে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাইলাকান্দি রাজস্ব চক্রের চক্র আধিকারিক তথা চার্জ অফিসার জনাথন কাইপেই। অনুষ্ঠানে গুয়াহাটি থেকে আগত সেনসাস বিভাগের ডেপুটি ডিরেক্টর রূপ চাঁদ আলি ও বুলেট পরিধা প্রশিক্ষণার্থীদের উদ্দেশে সেনসাস-২০২৭-এর উদ্দেশ্য, তথ্য সংগ্রহের পদ্ধতি, নির্ধারিত নির্দেশিকা এবং মাঠপর্যায়ে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন হাইলাকান্দি সার্কলের প্রচার বিভাগের নোডাল অফিসার শংকর চৌধুরী। প্রশিক্ষণে অংশগ্রহণকারী এনুমেরেটর ও সুপারভাইজারদের জনগণনা কার্যক্রম যথাযথভাবে সম্পাদনের জন্য প্রয়োজনীয় কারিগরি ও ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
এদিকে, সেনসাস-২০২৭-এর স্ব-গণনা কার্যক্রমে সাধারণ মানুষকে সহায়তা প্রদানের লক্ষ্যে জেলার বিভিন্ন রাজস্ব সার্কল কার্যালয়ে হেল্প ডেস্ক চালু করা হয়েছে। এসব হেল্প ডেস্কে নাগরিকরা স্ব-গণনা সংক্রান্ত তথ্য ও প্রয়োজনীয় সহায়তা গ্রহণ করতে পারবেন।



