বরাক তরঙ্গ, ৭ জুন : কেন্দ্রীয় সরকারের কৃষি যান্ত্রিকীকরণ উপমিশন (এসএমএএম) প্রকল্পের আওতায় কৃষকদের জন্য বরাদ্দ সরকারি অনুদানপ্রাপ্ত পাওয়ার টিলার অবৈধভাবে সংগ্রহ ও বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হাইলাকান্দি পুলিশ। ধৃতের নাম নুরুল ইসলাম লস্কর। তিনি লালা থানার অন্তর্গত দিনানাথপুর পার্ট-২ এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, হাইলাকান্দি থানায় রুজু হওয়া ৬৮/২৬ নম্বর মামলার তদন্তের অংশ হিসেবে বৃহস্পতিবার গভীর রাতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে নুরুল ইসলাম লস্করকে আটক করা হয় এবং তাঁর হেফাজত থেকে ৪টি সরকারি অনুদানপ্রাপ্ত পাওয়ার টিলার উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, কৃষকদের নামে সরকারি অনুদানের আওতায় বরাদ্দ হওয়া পাওয়ার টিলারগুলো বেআইনিভাবে সংগ্রহ করে অন্যত্র বিক্রির চেষ্টা চলছিল। এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
তদন্তকারী কর্মকর্তাদের মতে, এই অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে একটি বৃহত্তর চক্র জড়িত থাকতে পারে। ইতিমধ্যে ঘটনায় আরও কয়েকজনের সংশ্লিষ্টতার তথ্য সামনে এসেছে। পুরো চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সরকারি অনুদানের সুবিধা যাতে প্রকৃত কৃষকদের কাছেই পৌঁছায় এবং কোনো অসাধু চক্র যাতে এর অপব্যবহার করতে না পারে, সেই লক্ষ্যেই পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তর যৌথভাবে বিষয়টি খতিয়ে দেখছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।



