ভারত-বাংলা সীমান্তে কর্তব্যরত অবস্থায় বজ্রপাতে মৃত্যু অসমের বিএসএফ জওয়ানের

Spread the news

বরাক তরঙ্গ, ৭ জুন : দেশের সুরক্ষায় ভারত-বাংলাদেশ সীমান্তে কর্তব্যরত অবস্থায় বজ্রপাতে প্রাণ হারালেন অসমের এক তরুণ বিএসএফ জওয়ান। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার সীমান্ত এলাকায় বজ্রপাতে মৃত্যু হয় তিনসুকিয়ার বাসিন্দা মহম্মদ তৈয়ব হোসেনের। মাত্র ২৪ বছর বয়সেই তাঁর এই অকাল প্রয়াণে গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

জানা গিয়েছে, তিনসুকিয়া শহরের হিজুগুড়ি নিউ কোর্ট রোড এলাকার বাসিন্দা মহম্মদ তৈয়ব হোসেন ২০২৩ সালে সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এ যোগদান করেন। তিনি বাহিনীর ১৩০ নম্বর ব্যাটালিয়নের একজন সক্রিয় জওয়ান ছিলেন।

শনিবার বিএসএফের একটি বিশেষ বাহনে করে তাঁর মরদেহ নিজ বাড়িতে আনা হয়। শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ভিড় জমান এলাকার বহু মানুষ। পরিবারের সদস্যদের পাশাপাশি বিএসএফের আধিকারিক ও সহকর্মীরা, স্থানীয় বিধায়ক এবং পুরসভার চেয়ারম্যান পুলক চেতিয়া পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে বিএসএফের পক্ষ থেকে সামরিক মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয়। এরপর ধর্মীয় রীতি মেনে জওয়ানের জানাজা সম্পন্ন করা হয়। দেশের সেবায় কর্তব্যরত অবস্থায় তাঁর এই আত্মত্যাগে শোকস্তব্ধ পরিবার-পরিজন ও সমগ্র অঞ্চল।

উল্লেখ্য, গত ৪ জুন বিকেলে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় প্রবল ঝড়-বৃষ্টির মধ্যে দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের শিলিগুড়ি-রাধাবাড়ি সেক্টরের মহাদেব সীমান্ত আউটপোস্টের কাছে ৭৭৯/৭ নম্বর সীমান্ত স্তম্ভ সংলগ্ন এলাকায় নিয়মিত টহলদারির দায়িত্ব পালন করছিলেন তৈয়ব। সেই সময় আচমকাই বজ্রাঘাতে গুরুতর জখম হন তিনি। ঘটনার পর সহকর্মী জওয়ানরা দ্রুত তাঁকে উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করান। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *