দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৭ জুন : শিল্পচর্চার প্রসার এবং শিশু-কিশোরদের সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে রবিবার শিলচরের মালুগ্রাম গার্লস স্কুলে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য বসে আঁকো প্রতিযোগিতা। ক্যামেল কোম্পানি ও শিল্পাঙ্গনের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় চারটি বয়সভিত্তিক বিভাগে প্রায় ১৫০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। সকাল ১০টা থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। শিল্পাঙ্গনের অধ্যক্ষ সন্দীপন দত্ত পুরকায়স্থ জানান, এই কর্মসূচির মাধ্যমে বরাক উপত্যকার বিভিন্ন স্কুলে পর্যায়ক্রমে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হবে। মালুগ্রাম গার্লস স্কুলে এই উদ্যোগের সূচনা হয়েছে এবং পরবর্তীতে বিভিন্ন বিদ্যালয়ের বিজয়ীদের নিয়ে একটি মেগা প্রতিযোগিতার আয়োজন করা হবে।
ক্যামেল কোম্পানির প্রতিনিধি সুব্রত কর্মকার বলেন, শিল্পাঙ্গনের সঙ্গে যৌথভাবে এই প্রতিযোগিতা আয়োজন করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। তিনি ভবিষ্যতেও এ ধরনের সৃজনশীল কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দেন। শিল্পাঙ্গনের অঙ্কন প্রশিক্ষক পৌলমী শীল ও প্রতিতী শীল জানান, প্রতিষ্ঠানের ২৫তম বর্ষপূর্তি উদযাপনের অংশ হিসেবেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তুলেছে বলেও তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে অঙ্কন প্রশিক্ষক অভিজিৎ দে বক্তব্য রাখেন। এছাড়াও অনুষ্ঠান পরিচালনা ও আয়োজনে সহযোগিতা করেন সঞ্চয়িতা ভট্টাচার্য, বৈশাখী দেব, রাজ সরকার, নাসিমা বেগম লস্করসহ আরও অনেকে।



