মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৪ জুন : শিক্ষার্থীদের ইউ-ডাইস (UDISE) ও আপার (APAAR) আইডি তৈরির ক্ষেত্রে আধার বাধ্যতামূলক হওয়ায় অভিভাবকদের মধ্যে যখন আধার নিবন্ধন ও তথ্য সংশোধন নিয়ে ব্যস্ততা বৃদ্ধি পেয়েছে, ঠিক সেই সময় শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে বিশেষ আধার নিবন্ধন ও সংশোধন শিবিরের আয়োজন করে শ্রীভূমি জেলা প্রশাসন। পাথারকান্দির দুটি বিদ্যালয়ে আয়োজিত এই শিবিরে দিনভর ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
বৃহস্পতিবার পাথারকান্দি ব্লক প্রাথমিক শিক্ষাখণ্ডের অধীন পাথারকান্দি গার্লস এম.ই. স্কুল এবং প্রেমময়ী সিনিয়র বেসিক স্কুলে পৃথকভাবে দুটি বিশেষ শিবির অনুষ্ঠিত হয়। সকাল থেকেই বৃহত্তর পাথারকান্দি এলাকার সরকারি ও বেসরকারি বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ও তাঁদের অভিভাবক শিবিরে উপস্থিত হয়ে আধার নিবন্ধন, তথ্য সংশোধন এবং বায়োমেট্রিক আপডেটের কাজ সম্পন্ন করেন। জেলা আয়ুক্তের নির্দেশ অনুসারে আয়োজিত এই শিবিরে শিশুদের জন্য আধার সংক্রান্ত বিভিন্ন পরিষেবা এক ছাদের নিচে প্রদান করা হয়। ফলে দূরবর্তী কেন্দ্রে গিয়ে আধার সংক্রান্ত কাজ সম্পন্ন করার ঝামেলা থেকে অনেকটাই মুক্তি পান অভিভাবকরা।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী বর্তমানে শিক্ষার্থীদের ইউ-ডাইস ডাটাবেসে অন্তর্ভুক্তি এবং আপার আইডি তৈরির ক্ষেত্রে আধার নম্বর বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি ৫ বছর ও ১৫ বছর বয়স পূর্ণ হওয়া শিশুদের জন্য আধারের বায়োমেট্রিক তথ্য—আঙুলের ছাপ ও চোখের মণির স্ক্যান—হালনাগাদ করাও আবশ্যিক। সেই প্রয়োজনীয়তা পূরণে জেলা প্রশাসনের এই উদ্যোগকে সময়োপযোগী ও জনমুখী পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শিবিরে উপস্থিত বহু অভিভাবক জানান, বিদ্যালয় প্রাঙ্গণেই আধার নিবন্ধন ও সংশোধনের সুযোগ পাওয়ায় তাঁদের সময় ও অর্থ উভয়েরই সাশ্রয় হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের শিক্ষাগত নথিপত্রের সঙ্গে আধার সংযুক্তিকরণ প্রক্রিয়াও অনেক সহজ হয়েছে।
শ্রীভূমি জেলা প্রশাসন ও জেলা সর্বশিক্ষা অভিযান মিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই বিশেষ কর্মসূচিকে স্বাগত জানিয়ে অভিভাবকরা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক শিবির নিয়মিত আয়োজনের দাবি জানান। শিক্ষার্থীদের আধার নিবন্ধন, তথ্য সংশোধন এবং বায়োমেট্রিক আপডেট নিশ্চিত করতে আয়োজিত এই শিবিরে ব্যাপক সাড়া মেলায় প্রশাসনিক মহলেও সন্তোষ প্রকাশ করা হয়েছে।



