হাইলাকান্দি পুরসভার সদস্য হিসেবে শপথ নিলেন বিধায়ক মিলন দাস

Spread the news

জলাবদ্ধতা নিরসনে মাস্টার ড্রেন নির্মাণের আশ্বাস, একাধিক উন্নয়ন প্রকল্পের ঘোষণা

অনিন্দিতা পাল, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ৪ জুন : হাইলাকান্দি পুরসভার এক্স-অফিসিও সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করলেন হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ড. মিলন দাস। এ উপলক্ষে বৃহস্পতিবার হাইলাকান্দি পুরসভা প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পুরপতি, কমিশনার এবং অন্যান্য কর্মচারীরা বিধায়ককে উত্তরীয়, ফুলের তোড়া ও স্মারক প্রদান করে শুভেচ্ছা জানান। ডিডিসি নরসিং বে তাঁকে শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণের পর বক্তব্য রাখতে গিয়ে ড. মিলন দাস শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে একটি মাস্টার ড্রেন নির্মাণের পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়নের জন্য জনসাধারণের সহযোগিতা প্রয়োজন এবং এ কাজে অন্তত এক বছরের সময় দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচির জন্য প্রতি বছর তাঁর তহবিল থেকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বরাদ্দের আশ্বাস দেন তিনি।

এদিন তিনি হাইলাকান্দি শহরের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের ঘোষণাও করেন। এর মধ্যে রয়েছে শহরের কেন্দ্রস্থলে এক হাজার আসনবিশিষ্ট আধুনিক অডিটোরিয়াম নির্মাণ, সিনিয়র সিটিজেন ফোরামের ভবন নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করা এবং হারবার্টগঞ্জ এলাকায় একটি আধুনিক সবজি বাজার গড়ে তোলা।

অনুষ্ঠানের শেষে বিধায়ক প্রশাসন, পুরসভা কর্তৃপক্ষ এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগে হাইলাকান্দি শহরকে আরও পরিচ্ছন্ন, সুন্দর ও উন্নত নগরীতে পরিণত করার আহ্বান জানান। তাঁর এই ঘোষণাগুলিকে ঘিরে শহরবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *