নিলামবাজারের সিনিয়র সিটিজেন হোমে স্বাস্থ্য শিবির

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩ অক্টোবর: প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা এবং বিভিন্ন রোগের প্রাথমিক শনাক্তকরণের লক্ষ্যে নিলামবাজারে শ্রীভূমি সপ্তবর্ণা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের অধীনে পরিচালিত সিনিয়র সিটিজেন হোমে বিশেষ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শনিবার আয়োজিত এই শিবিরে যক্ষ্মা, কুষ্ঠ, মানসিক স্বাস্থ্য এবং অসংক্রামক রোগ (এনসিডি)-সহ বিভিন্ন বিষয়ে সমন্বিত স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
শিবিরে উপস্থিত ছিলেন শ্রীভূমি করিমগঞ্জ সিভিল হাসপাতালের এসডিএম অ্যান্ড এইচও এবং মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ জাকির হোসেন লস্কর, মেডিকেল অফিসার ডাঃ মিল্টন চক্রবর্তী এবং ডেন্টিস্ট ডাঃ রাজদীপ সেন। তাঁদের নেতৃত্বে স্বাস্থ্যকর্মীরা প্রবীণদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেন।

উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ দীর্ঘমেয়াদি অসংক্রামক রোগের ঝুঁকি চিহ্নিত করার পাশাপাশি একাকিত্ব, উদ্বেগ ও মানসিক চাপের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সময়মতো চিকিৎসকের পরামর্শ গ্রহণ এবং নির্ধারিত ওষুধ সেবনের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

শিবিরে এটিসিএফ-এর ডিপিসি শুভম চন্দা, সমাজকর্মী সুস্মিতা দাস-সহ স্বাস্থ্যকর্মী ও সমাজকর্মীরা উপস্থিত ছিলেন। সপ্তবর্ণা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর তাহির আহমদ তাপাদারের তত্ত্বাবধানে আয়োজিত শিবিরটি সফল করতে সিনিয়র সিটিজেন হোমের সুপারিন্টেন্ডেন্ট দিবাকর নমশূদ্র, নার্স জহুরা খাতুন-সহ কর্মীরা সহযোগিতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *