বিশ্ব চকলেট দিবসে হোমের শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে হাইলাকান্দি রোটারি ক্লাব

Spread the news

বরাক তরঙ্গ, ৭ জুলাই : বিশ্ব চকলেট দিবস উপলক্ষে হাইলাকান্দি রোটারি ক্লাবের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়। সকালে আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে রয়েল হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন বিজ্ঞান শিবিরে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে চকলেট বিতরণ করা হয়। এ সময় ক্লাবের সভাপতি কামাল চৌধুরী বিশ্ব চকলেট দিবসের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে বলেন, ২০০৯ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে এবং ১৫৫০ সালের ৭ জুলাই ইউরোপে চকলেটের আগমনকে স্মরণ করেই এই দিনটি বেছে নেওয়া হয়েছে বলে প্রচলিত রয়েছে।

বিকেলে হাইলাকান্দি শহরের উদিচী পরিচালিত উজালা হোমে আশ্রিত শিশুদের নিয়ে বিশ্ব চকলেট দিবস উপলক্ষে একটি বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিন ক্লাব সদস্য ও চিকিৎসক ডাঃ নজমুল হক মাঝারভূঁইয়া শিশুদের প্রাথমিক স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক পরামর্শ দেন। পরে শিশুদের মধ্যে চকলেট ও বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উজালা হোমের শিশুরা মনোমুগ্ধকর যোগব্যায়ামও প্রদর্শন করে।
আগামী ১০ জুলাই বসে আঁকো প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হবে। অনুষ্ঠানে ক্লাবের প্রাক্তন সভাপতি শংকর চৌধুরী ও বিভাভূষণ চক্রবর্তীসহ রোটারি ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। শিশুদের মুখে হাসি ফোটানো এবং সমাজে ভালোবাসা ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *