এস পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ২৩ জুলাই : চোরাচালান রোধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার বড়সড় সাফল্য পেল কাছাড়ের গুমড়া পুলিশ। নিয়মিত তল্লাশি চলাকালীন কালাইনছড়া পুলিশ নাকা চেকগেটে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন বিদেশি মদ বাজেয়াপ্ত করা হয়েছে। এঘটনায় হাইলাকান্দি জেলার দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, এদিন নিয়মিত যানবাহন তল্লাশির সময় AS-11DC-9055 নম্বরের একটি ট্রাককে সন্দেহের ভিত্তিতে থামানো হয়। পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন বিদেশি মদ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে এগুলি অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশের সন্দেহ।
অভিযানের সময় ট্রাকে থাকা দুই অভিযুক্তকে আটক করা হয়। ধৃতদের পরিচয় নাজিম উদ্দিন মজুমদার এবং আজমল হোসেন। দু’জনেই হাইলাকান্দি জেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
উদ্ধার হওয়া সন্দেহভাজন বিদেশি মদ এবং আটক দুই অভিযুক্ত বর্তমানে গুমড়া পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, মদের উৎস কোথায় এবং কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল – সেসব বিষয় খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
গুমড়া পুলিশের এই সফল অভিযানে এলাকায় অবৈধ মদ চোরাচালান চক্রের বিরুদ্ধে কড়া বার্তা গেছে বলে মনে করা হচ্ছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে পুলিশ সূত্রের ধারণা।



