জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৩ জুলাই : শ্রীভূমি জেলায় আসন্ন জনগণনার কাজে নিয়োজিত সুপারভাইজার ও এনুমারেটরদের প্রশিক্ষণ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। এতে শ্রীভূমি সদর সার্কল ও নিলামবাজার সার্কলর প্রশিক্ষণ শ্রীভূমি শহরের রবীন্দ্র সদন মহিলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি, পাথারকান্দি রাজস্ব চক্রের প্রশিক্ষণ পাথারকান্দির মডেল এইচএস স্কুলে, বদরপুর রাজস্ব চক্রের প্রশিক্ষণ বদরপুরের এনসি কলেজে এবং রামকৃষ্ণনগর রাজস্ব চক্রের প্রশিক্ষণ রামকৃষ্ণনগর কলেজে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্যায়ের এই প্রশিক্ষণ বৃহস্পতিবার সহ শুক্র ও শনিবার চলবে। এতে জেলায় সর্বমোট ৪২ জন ফিল্ড ট্রেনাররা প্রশিক্ষণের জন্য নিয়োগ করা হয়েছে। বৃহস্পতিবার রবীন্দ্র সদন মহিলা কলেজের ৪টি কক্ষে ৮ জন ফিল্ড ট্রেনার, মডেল এইচএস স্কুলের ৩টি কক্ষে ৬ জন ফিল্ড ট্রেনার, রামকৃষ্ণ নগর কলেজের ৪টি কক্ষে ৮ জন ফিল্ড ট্রেনার এবং এনসি কলেজের ২টি কক্ষে ৪ জন ফিল্ড ট্রেনার সুপারভাইজার ও এনুমারেটরদের প্রশিক্ষণ প্রদান করছেন।
জনগণনার প্রথম পর্বে ১৭ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত হাউস লিস্টিং এর কাজ করা হবে। এর আগে ২ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত জনগণনার সেল্ফ এনুমারেশনের জন্য অফিসিয়াল পোর্টাল https://se.cesus.gov.in খোলা হবে এই পোর্টালের মাধ্যমে জনগণ সেল্ফ এনুমারেশন ফর্ম ভর্তি করে সাবমিট করতে পারবেন। এই সেল্ফ এনুমারেশন প্রক্রিয়ায় জনগণকে পোর্টাল যোগে ফর্ম জমা দিতে শ্রীভূমি জেলা প্রশাসন থেকে আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, শ্রীভূমি জেলায় জনগণনার দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ ২৭ থেকে ২৯ জুলাই অনুষ্ঠিত হবে। এছাড়া তৃতীয় পর্যায়ের প্রশিক্ষণ ৩১ জুলাই ও ১ আগস্ট এবং ৩ আগস্ট তারিখে অনুষ্ঠিত হবে।



