গ্রুপসেরা ব্রাজিল, নকআউট পর্বে জায়গা নিশ্চিত

Spread the news

২৫ জুন : নেইমারের প্রত্যাবর্তনের ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে ব্রাজিল। প্রথমার্ধে জোড়া গোল করে দলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখেন ভিনিসিয়াস জুনিয়র, আর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান মাতেউস কুনিয়া। স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপসেরা হিসেবেই নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বৃহস্পতিবার ভোরে মায়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় ব্রাজিল। সপ্তম মিনিটে স্কট ম্যাককেনার ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোলের সূচনা করেন ভিনিসিয়াস। রায়ান ক্রিস্টির পাস থেকে বল পেয়ে সহজেই জালে পাঠান রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।

প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রুনো গুইমারেসের ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোল করেন ভিনিসিয়াস। স্কটিশ রক্ষণভাগের আরেকটি ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান ২-০ করেন তিনি। চলতি বিশ্বকাপে এটি ছিল তার চতুর্থ গোল।

দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে ব্রাজিলের তৃতীয় গোলটি আসে মাতেউস কুনিয়ার পায়ে। গুইমারেস মাঝমাঠে বল দখল করে কুনিয়ার কাছে বাড়িয়ে দিলে নিখুঁত শটে স্কোরলাইন ৩-০ করেন তিনি।
ম্যাচের ৭৬ মিনিটে কুনিয়ার বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। দীর্ঘ ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে খেলতে নেমে বেশ স্বচ্ছন্দই দেখা যায় দলটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে। তার উপস্থিতিতে গ্যালারিতেও ছিল বাড়তি উচ্ছ্বাস।

স্কটল্যান্ড কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্রাজিলের গোলরক্ষক আলিসন বেকার ছিলেন দুর্ভেদ্য। ফলে কোনো গোলের দেখা পায়নি স্কটিশরা।

প্রথম দুই ম্যাচের তুলনায় এদিন আরও ছন্দময় ফুটবল খেলেছে ব্রাজিল। ৫৪ শতাংশ বলের দখল রেখে ২১টি শট নেয় তারা, যার ৯টি ছিল লক্ষ্যে। অন্যদিকে স্কটল্যান্ড ১৪টি শটের মধ্যে ৫টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।

পরাজয়ের পরও স্কটল্যান্ডের নকআউট পর্বে ওঠার আশা পুরোপুরি শেষ হয়নি। গ্রুপ পর্বের সেরা আটটি তৃতীয় স্থানধারী দলের একটি হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নেওয়ার সুযোগ এখনও রয়েছে তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *