বাজারিছড়ার বিশিষ্ট ব্যবসায়ী গৌরাঙ্গ নাগ প্রয়াত

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি। 
বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : বাজারিছড়া এলাকার সুপরিচিত ব্যক্তিত্ব, প্রাক্তন ডাককর্মী তথা বিশিষ্ট ব্যবসায়ী গৌরাঙ্গ নাগ আর নেই। মঙ্গলবার সন্ধ্যা ৬-৪৫ মিনিটে পূর্ববাজারস্থিত নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৬৭ বছর। কয়েকদিন আগে মস্তিষ্ক রক্তক্ষরণ ঘটলে তিনি শিলচরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় পরে তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে নিজ বাসভবনেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই বিবাহিত কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সহজ-সরল, স্বল্পভাষী, সদা হাস্যোজ্জ্বল ও খোশমেজাজি মানুষ হিসেবে গৌরাঙ্গ নাগের বিশেষ পরিচিতি ছিল। ব্যবসার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। বাজারিছড়ার কালাছড়া নেতাজি সংঘের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এলাকার বিভিন্ন পূজা-পার্বণ ও সামাজিক অনুষ্ঠানে তাঁর আন্তরিক সহযোগিতা ছিল উল্লেখযোগ্য।
তাঁর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই বৃহত্তর বাজারিছড়া এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে বহু শুভাকাঙ্ক্ষী, পরিচিতজন ও বিশিষ্ট ব্যক্তি তাঁর বাড়িতে উপস্থিত হয়ে শেষ শ্রদ্ধা জানান।

নেতাজি সংঘের কার্যকর্তা ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন ও পরিচিত মহলের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।

মঙ্গলবার রাতেই তাঁর বাড়ির সংলগ্ন নিজ জমিতে শেষকৃত্য সম্পন্ন হয়। অগণিত মানুষের উপস্থিতিতে এলাকার প্রিয় মানুষটিকে শেষ বিদায় জানানো হয়।

গৌরাঙ্গ নাগের প্রয়াণে বাজারিছড়া হারাল এক সহজ-সরল, হাস্যোজ্জ্বল ও সমাজমনস্ক মানুষকে। তাঁর স্মৃতি দীর্ঘদিন এলাকাবাসীর হৃদয়ে অমলিন হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *