
বরাক তরঙ্গ, ৫ নভেম্বর : শিলচর-আইজল জাতীয় সড়কের নরসিংহপুর বাইপাস এলাকায় একটি মৃত অজগর সাপকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সড়কের পাশে অজগরটির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। বিশাল আকৃতির অজগরটিকে দেখতে ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা ও পথচারীরা।

প্রাথমিকভাবে অজগরটির মৃত্যুর কারণ জানা যায়নি। সড়ক পারাপারের সময় কোনও যানবাহনের ধাক্কায় সেটির মৃত্যু হয়েছে, নাকি অন্য কোনও কারণে এই ঘটনা ঘটেছে, তা নিয়েও এলাকায় নানা প্রশ্ন উঠেছে।

উল্লেখ্য, নরসিংহপুর বাইপাস সংলগ্ন এলাকায় বিভিন্ন সময়ে বন্যপ্রাণীর আনাগোনা দেখা যায়। এমন পরিস্থিতিতে একটি অজগরের মৃতদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল। তবে অজগরটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে বন বিভাগের তদন্ত প্রয়োজন।



