বরাক তরঙ্গ, ২৫ জুলাই : হোজাই জেলার মোরাঝাড় থানার পুলিশ ভুয়া চিকিৎসক হিসেবে অভিযুক্ত বিলাল আহমদকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার তাঁকে শ্রীমন্ত শঙ্করদেব নগর আদালতে হাজির করা হবে। আদালতের নির্দেশ অনুযায়ী তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হতে পারে।
ধৃত বিলাল আহমেদের বাড়ি মোরাঝাড় থানার অন্তর্গত পদুমনি এলাকায়। অভিযোগ, তিনি মোরাঝাড় বাজারের ‘নিউ লাইফ মেডিকেল’ নামের একটি ফার্মেসিতে বসে দীর্ঘদিন ধরে চিকিৎসকের পরিচয়ে রোগী দেখতেন এবং বিভিন্ন ওষুধের প্রেসক্রিপশন লিখে দিতেন।
অসম মেডিক্যাল কাউন্সিলের অ্যান্টি-কোয়াকারি অ্যান্ড ভিজিল্যান্স সেল-এর লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে মোরাঝাড় পুলিশ তাঁকে গ্রেফতার করে। এ ঘটনায় মোরাঝাড় থানায় ১৩১/২০২৬ নম্বর মামলা রুজু হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ৩১৬(২), ৩১৯(২), ৩৩৬(২), ৩৪০(২) এবং ১২৫/২৭১ ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে, হোজাই জেলাজুড়ে অনুমতি ছাড়াই পরিচালিত হচ্ছে বলে অভিযোগ ওঠা কিছু ফার্মেসি এবং কথিত ভুয়া চিকিৎসা পরিষেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। অভিযোগ রয়েছে, কয়েকটি ফার্মেসিতে চিকিৎসকের বৈধ অনুমোদন ছাড়াই রোগী দেখা, প্রেসক্রিপশন লেখা এবং ছোট ক্লিনিকের মতো চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।
অন্যদিকে, জেলার স্বাস্থ্য বিভাগের নজরদারি নিয়েও প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিকরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ ধরনের বেআইনি কর্মকাণ্ড চললেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। পাশাপাশি, স্বাস্থ্য বিভাগের কয়েকজন কর্মকর্তার ভূমিকা খতিয়ে দেখারও দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।



