মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৯ এপ্রিল : অসম-ত্রিপুরা সংযোগকারী গুরুত্বপূর্ণ আট নম্বর জাতীয় সড়কের লোয়াইরপোয়া থেকে বিশ নম্বর পর্যন্ত বিস্তীর্ণ অংশ বর্তমানে বেহাল অবস্থার শিকার হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সড়কের এই অংশে অসংখ্য ছোট-বড় ও মাঝারি আকারের গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদিন এই পথ দিয়ে ছোট গাড়ি, বড় ট্রাক, যাত্রীবাহী বাস, অটোসহ নানান ধরনের যানবাহন চলাচল করলেও বর্তমানে পথচারী থেকে শুরু করে চালক—সকলেই চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন।বিশেষ করে স্কুল-কলেজ ছাত্রছাত্রী, চাকরিজীবী, ব্যবসায়ী এবং নিত্যপ্রয়োজনীয় কাজে যাতায়াতকারী সাধারণ মানুষ প্রতিনিয়ত সমস্যার মধ্যে পড়ছেন। খানাখন্দে ভরা এই সড়ক দিয়ে চলাচলের সময় যেকোনও মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে, কারণ বৃষ্টির জলে গর্তগুলো ঢেকে যাওয়ায় চালকদের পক্ষে বিপদ চিহ্নিত করা আরও কঠিন হয়ে পড়ে।
উল্লেখ্য, এই জাতীয় সড়কটি শুধু একটি সাধারণ সড়ক নয়, বরং অসম ও ত্রিপুরা রাজ্যের মধ্যে যোগাযোগ ব্যবস্থার অন্যতম প্রধান জীবনরেখা। প্রতিদিন এই রুট দিয়ে হাজার হাজার যাত্রী এবং পণ্যবাহী যান চলাচল করে। ফলে সড়কের এই দুরবস্থা শুধু স্থানীয় মানুষের জন্য নয়, বরং দুই রাজ্যের বাণিজ্যিক ও সামাজিক যোগাযোগ ব্যবস্থার উপরও নেতিবাচক প্রভাব ফেলছে।জানা গেছে, এই মূল সড়কের চাপ কমানোর লক্ষ্যে পাশেই একটি বাইপাস সড়ক নির্মাণ সম্পন্ন হয়েছিল এবং কিছুদিন যান চলাচলও স্বাভাবিকভাবে চলেছিল। কিন্তু গত কয়েক মাস ধরে ওই বাইপাস সড়কে নতুন কালভার্ট নির্মাণ কাজ শুরু হওয়ায় পথটি অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে। এর ফলে সমস্ত যানবাহনের অতিরিক্ত চাপ আবার মূল জাতীয় সড়কের উপর এসে পড়েছে।তার উপর অতিরিক্ত পণ্যবোঝাই ভারী লরির অবিরাম চলাচল সড়কের ক্ষয়ক্ষতিকে আরও ত্বরান্বিত করেছে।
স্থানীয়দের অভিযোগ, প্রায় দেড় বছর আগে জিবি কনস্ট্রাকশন কর্তৃক সড়কটির সংস্কার কাজ সম্পন্ন হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। নিম্নমানের কাজ ও অতিরিক্ত চাপের ফলে অল্প সময়ের মধ্যেই আবার আগের মতো বেহাল অবস্থায় ফিরে যায় এই গুরুত্বপূর্ণ সড়কটি।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে করতে তারা অতিষ্ঠ হয়ে উঠেছেন। বহুবার অভিযোগ জানানো হলেও এখনো পর্যন্ত স্থায়ী সমাধানের উদ্যোগ চোখে পড়েনি। সাধারণ মানুষের দাবি, অবিলম্বে প্রশাসন, সিও, ডিসি এবং এনএইচআইডিসিএল কর্তৃপক্ষ এই বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত সংস্কারের ব্যবস্থা গ্রহণ করুন।ভুক্তভোগীদের স্পষ্ট বক্তব্য অসম-ত্রিপুরা সংযোগের এই গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক যদি দ্রুত মেরামত না করা হয়, তাহলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা এবং আরও ভয়াবহ জনদুর্ভোগের সৃষ্টি হতে পারে। তাই জনস্বার্থে দ্রুত হস্তক্ষেপই এখন সময়ের সবচেয়ে বড় দাবি।



